• facebook
  • twitter
  • youtube
Thursday, 22 October, 2026

ব্যাগের গুপ্ত জায়গায় লুকানো কোটি টাকার বিদেশি মুদ্রা, বিমানবন্দরে তল্লাশিতেই পর্দাফাঁস

সোমবার ব্যাঙ্ককগামী ভুটান এয়ারলাইন্সের বি৩৭০০ ফ্লাইটের যাত্রীদের ব্যাগের তল্লাশি চলছিল। তখনই আন্তর্জাতিক

ব্যাগের গুপ্ত জায়গায় লুকানো কোটি টাকার বিদেশি মুদ্রা, বিমানবন্দরে তল্লাশিতেই পর্দাফাঁস

Foreign Currency Recovered Photo-SNS

দুর্গাপুজোর আবহে কলকাতা বিমানবন্দরে দুই যাত্রীর থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার হল। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ল। গত ১৯ অক্টোবর, অষ্টমীর সকাল ১০টা ২০ মিনিটে বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের সিকিউরিটি হোল্ড এরিয়ায় তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করেছে সিআইএসএফ। মোট ১ লক্ষ ১৯ হাজার ৯০০ আমেরিকান ডলার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার টাকা। বিপুল এই মার্কিন ডলারের নেপথ্য কাহিনী কী সেটা জানতে ইতিমধ্যেই আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসবের পিছনে হাওয়ালা যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার ব্যাঙ্ককগামী ভুটান এয়ারলাইন্সের বি৩৭০০ ফ্লাইটের যাত্রীদের ব্যাগের তল্লাশি চলছিল। তখনই আন্তর্জাতিক টার্মিনালের সিকিউরিটি হোল্ড এরিয়ায় এক পুরুষ এবং এক মহিলার ব্যাগ তল্লাশির সময় সন্দেহ হয় সিআইএসএফের। তাঁদের ব্যাগ খুলে তল্লাশি করেন জওয়ানরা। আর তখনই ব্যাগের মধ্যে একটি গোপন অংশ থেকে খবরের কাগজে মোড়া ওই পরিমাণ মার্কিন ডলারের বান্ডিল বেরিয়ে আসে। বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে তাঁরা ঘুরছিলেন। সেটা দেখতে পান নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। আটক করে দু’জনকে জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ্যে আসে গোটা কেলেঙ্কারি। মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। ব্যাগের নিচে থেকে উদ্ধার হয় প্রায় ৪৫ হাজার মার্কিন ডলার।

পুলিশ সূত্রে আরও খবর, পুরুষ যাত্রীর ব্যাগ থেকে ৭৪ হাজার ৯০০ ডলার এবং মহিলা যাত্রীর ব্যাগ থেকে ৪৫ হাজার ডলার উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট ১ লক্ষ ১৯ হাজার ৯০০ ডলার উদ্ধার করা হয়েছে। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ১ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়। ওই বিদেশি মুদ্রা কেমন করে তাঁদের কাছে এল সেটা নিয়ে তদন্ত করছে পুলিশ। দু’জনকে আটক করা হয়েছে।

তাছাড়া কদিন আগে ২৫ সেপ্টেম্বর কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাঙ্কক থেকে কলকাতায় আসা এক বিমানের যাত্রীর কাছ থেকে প্রায় ৭০ গ্রাম সোনা উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনার সঙ্গে সোমবারের ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে সূত্রের খবর, এই বিদেশি মুদ্রার নেপথ্যে হাওলা যোগ আছে বলে মনে করছে পুলিশ। তবে এখন সরকারিভাবে সে কথা জানানো হয়নি।