• facebook
  • twitter
  • youtube
Sunday, 18 October, 2026

ক্যান্সারের ১৩৭টি ওষুধের দাম কমানোর উদ্যোগ, সর্বোচ্চ মুনাফার সীমা ৩০ শতাংশ

নির্ধারিত দিন থেকে সমস্ত খুচরো বিক্রেতা ও হাসপাতালকে কম দামে ওষুধ বিক্রি করতে হবে। নিজেদের ফার্মেসিতে সংশোধিত দামের তালিকা প্রদর্শন করতে হবে। হাসপাতালগুলিকে তাদের ওয়েবসাইটেও নতুন দাম স্পষ্টভাবে জানাতে হবে।

ক্যান্সারের ১৩৭টি ওষুধের দাম কমানোর উদ্যোগ, সর্বোচ্চ মুনাফার সীমা ৩০ শতাংশ

Photo: Statesman

ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ১৩৭টি নন-শিডিউলড ওষুধের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরো বিক্রয়মূল্য বা এমআরপি-র ৩০ শতাংশে বেঁধে দেওয়া হল বাণিজ্যিক মুনাফার সীমা। এই সিদ্ধান্তের ফলে একাধিক ক্যান্সারের ওষুধের দাম সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে। এর ফলে রোগী ও তাঁদের পরিবারের চিকিৎসার খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এই সিদ্ধান্ত নিয়েছে। রাসায়নিক ও সার মন্ত্রকের অধীন ফার্মাসিউটিক্যালস বিভাগের উদ্যোগে ওষুধের সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত মুনাফা নিয়ন্ত্রণের লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে। আইএএনএস সূত্রে এই খবর জানা গিয়েছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে সংশোধিত দাম এনপিপিএ-কে জানাতে হবে। আগামী ৯ নভেম্বর ২০২৬ থেকে নতুন দাম কার্যকর হবে।

ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে নিজেদের ওয়েবসাইটে সংশোধিত দামের তালিকা প্রকাশ করতে হবে। এর পাশাপাশি খুচরো বিক্রেতা ও হাসপাতালগুলিকেও নতুন দাম সম্পর্কে জানাতে হবে। নির্ধারিত দিন থেকে সমস্ত খুচরো বিক্রেতা ও হাসপাতালকে কম দামে ওষুধ বিক্রি করতে হবে। নিজেদের ফার্মেসিতে সংশোধিত দামের তালিকা প্রদর্শন করতে হবে। হাসপাতালগুলিকে তাদের ওয়েবসাইটেও নতুন দাম স্পষ্টভাবে জানাতে হবে।

রোগীরা ‘ফার্মা সহি দাম’ অ্যাপ এবং এনপিপিএ-র ওয়েবসাইটের মাধ্যমে ওষুধের সংশোধিত দাম জানতে পারবেন। এই ১৩৭টি ওষুধের তালিকায় রয়েছে ২০টিরও বেশি বিভিন্ন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপির ওষুধ। এছাড়া স্তন ও প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ডেনোসুম্যাব, ক্যান্সার রোগীদের নিউট্রোপেনিয়া প্রতিরোধে ব্যবহৃত পেগফিলগ্রাস্টিম এবং কোলন, ডিম্বাশয় ও জরায়ুমুখের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত বেভাসিজুম্যাবও রয়েছে এই তালিকায়।

আরও পড়ুন: চোরবাগান দুর্ঘটনায় পদপিষ্টের ঘটনায় মৃত ১৯, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

পেমব্রোলিজুম্যাব, দুরভালুম্যাব এবং ওসিমার্টিনিবের মতো বহুল ব্যবহৃত ক্যান্সারের ওষুধের দামও কমতে পারে। সরকারের এই উদ্যোগের ফলে ক্যান্সারের চিকিৎসা আরও সাশ্রয়ী হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার পথও আরও প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।