ইরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরু করা নিয়ে দোটানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিকে নতুন করে যুদ্ধ শুরুর প্রস্তাবে তাঁর আগ্রহ দেখা গেলেও, বর্তমানে সেই অবস্থান থেকে কিছুটা পিছিয়ে এসেছেন তিনি। এমনই দাবি করেছেন এক ইজ়রায়েলি কর্তা। একই ইঙ্গিত মিলেছে মার্কিন প্রশাসনের অন্দর থেকেও।
হোয়াইট হাউসের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত এক মার্কিন কর্তার দাবি, ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করা হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ এবং আমেরিকার সেন্ট্রাল কমান্ডের নেতৃত্ব-সহ প্রশাসনের একাংশ নতুন করে সামরিক অভিযান শুরুর পক্ষে সওয়াল করেছেন। অন্য দিকে, ট্রাম্পের কয়েক জন উপদেষ্টা সামরিক সংঘাতের পথে না হেঁটে ইরানের উপর নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষপাতী। ফলে তেহরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে মার্কিন প্রশাসনের অন্দরে মতবিরোধ তৈরি হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজ়রায়েল। তেহরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গিয়েছে, এমন আশঙ্কা থেকেই এই সামরিক অভিযান চালানো হয়েছিল বলে দাবি করে দুই দেশ। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হন। এর পরেই সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। পাল্টা প্রত্যাঘাত করে ইরানও। তার পর থেকে পশ্চিম এশিয়ায় হামলা ও পাল্টা হামলার জেরে উত্তেজনা অব্যাহত রয়েছে। এবার নতুন করে যুদ্ধ শুরু হবে কি না, সেই প্রশ্নেই আন্তর্জাতিক মহলের নজর ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের দিকে।




