এত দিন ছিলেন পরামর্শদাতা, ডিরেক্টর অফ ক্রিকেট, কখনও মেন্টর। এ বার সরাসরি ডাগআউটে। আইপিএলে নতুন ভূমিকায় ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খবর আগেই ছিল যে, ২০২৭ আইপিএলের জন্য তাঁকে প্রধান কোচ নিয়োগ করছে দিল্লি ক্যাপিটালস। এবার সরকারি ভাবে সেই ঘোষণা করল ডিসি। অর্থাৎ, এই প্রথম কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির হেড কোচের দায়িত্ব নিতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
হেমাঙ্গ বাদানির দু’বছরের মেয়াদ শেষ হওয়ার পরই নতুন কোচের খোঁজে নেমেছিল দিল্লি। শেষ পর্যন্ত ভরসা সেই ‘দাদা’ । ২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত সৌরভ। প্রথমে উপদেষ্টা, পরে পুরুষ ও মহিলা দলের ডিরেক্টর অফ ক্রিকেট— একাধিক ভূমিকায় এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন তিনি। এবার দায়িত্বটা আরও বড়। দলকে আইপিএল চ্যাম্পিয়ন করানোর দায়িত্ব।
সমাজমাধ্যমে ঘোষণার সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছে দিল্লি। সেখানে সৌরভের গলায় শোনা গিয়েছে, ‘একটা সময় মনে হয়, অনেক কিছু করে ফেলেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু অর্জন করেছি। তখন একটু পিছনে সরে দাঁড়িয়ে বাইরে থেকে দেখা, দলকে পথ দেখানোই যথেষ্ট। আমিও তাই ভেবেছিলাম। কিন্তু মাঝে মাঝে কিছু একটা মনে করিয়ে দেয়, কেন শুরু করেছিলাম। এই দলটাই আমার ক্ষেত্রে সেটা করেছে’।
তার পরেই দাদার সেই চেনা হুঙ্কার— ‘দিল্লি এত দিন নিজেদের সময়ের অপেক্ষায় ছিল। এ বার সময় এসেছে দিল্লির। টাইগার ফিরে এসেছে’।
কেন সৌরভ? উত্তরটা সম্ভবত তাঁর দীর্ঘ দিনের সম্পর্কেই লুকিয়ে। দিল্লির মালিক পার্থ জিন্দাল বলছেন, ‘দাদা সব সময়ই দিল্লি ক্যাপিটালস পরিবারের অবিচ্ছেদ্য অংশ। ভারতের অন্যতম সেরা অধিনায়ক ও প্রশাসক এ বার কোচিংয়ে পা রাখছেন— এটা ঘোষণা করতে পেরে আমি গর্বিত এবং সম্মানিত। তাঁর নেতৃত্বে আমরা আইপিএল জয়ের চ্যালেঞ্জের জন্য আরও ভাল ভাবে প্রস্তুত হব বলেই আমার বিশ্বাস’।
Dilli, it’s time for Dadagiri 🐅
Sourav Ganguly, Head Coach of the Tigers 🔥 https://t.co/EMTPQ9TB64
— Delhi Capitals (@DelhiCapitals) October 6, 2026
সৌরভ নিজেও নতুন দায়িত্ব নিয়ে যথেষ্ট উত্তেজিত। তাঁর কথায়, ‘আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নিতে মুখিয়ে আছি। দিল্লি ক্যাপিটালস আমার খুব কাছের একটি ফ্র্যাঞ্চাইজি। মালিক, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ দিন ধরে কাজ করেছি। তাই এই দায়িত্ব আমার কাছে খুবই বিশেষ’।
এর পরেই লক্ষ্যও স্থির করে দিয়েছেন সৌরভ—’আমাদের দলে প্রতিভা রয়েছে এবং সাম্প্রতিক সময়েও ভাল ক্রিকেট খেলেছি। নতুন মরসুমে দলের সঙ্গে কাজ করার এবং একটি শক্তিশালী, ভয়ডরহীন দল তৈরি করার অপেক্ষায় রয়েছি’।
টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং অবশ্য সৌরভের কাছে একেবারে নতুন নয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ SA20-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সেখানে তাঁর দল ফাইনালেও উঠেছিল। এ বার সেই অভিজ্ঞতা কাজে লাগবে আইপিএলে।
দিল্লির সামনে অবশ্য কাজ কম নয়। ২০২৬ আইপিএলে ষষ্ঠ স্থানে শেষ করেছিল তারা। গত দু’মরসুমেই প্লে-অফে উঠতে পারেনি। এখনও আইপিএল ট্রফি অধরা। সেই অপেক্ষার অবসান ঘটাতেই এ বার ‘দাদা-মন্ত্র’ নিতে চলেছে তারা।
আর সেই দলে ফিরছেন ঋষভ পন্থও। লখনউ সুপার জায়ান্টস থেকে তাঁকে ফেরানো হয়েছে দিল্লিতে। অধিনায়ক অক্ষর পটেল, অভিজ্ঞ কেএল রাহুল এবং পন্থকে ঘিরে সৌরভের হাতে তৈরি হতে চলেছে নতুন দিল্লি।
শুধু কোচ বদল নয়, দিল্লির কোচিং স্টাফেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। যুবরাজ সিংকে ব্যাটিং কোচ, চামিন্ডা ভাসকে পেস বোলিং কোচ এবং অমিত মিশ্রকে স্পিন বোলিং কোচ করার পরিকল্পনার কথাও উঠে এসেছে।
অর্থাৎ আইপিএলে ‘দাদা’-র প্রত্যাবর্তন এ বার শুধু প্রত্যাবর্তন নয়। নেতৃত্বে সৌরভ, সামনে ট্রফির চ্যালেঞ্জ। দিল্লির অপেক্ষা—টাইগার কি এ বার ট্রফি ছিনিয়ে নিতে পারবেন?




