কিছুদিন আগের জল্পনা এবার সত্যি প্রমাণিত হল। রাজনীতির অলিন্দে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, কোয়েল মল্লিক বিজেপি রাজ্যসভার সাংসদ হবেন। কোয়েল নিজে মুখে সে কথা কখনও স্বীকার করেননি। বরং বারবার এড়িয়ে গিয়েছেন। কিন্তু রবিবার সেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গেল। বিজেপির টিকিটেই রাজ্যসভার সাংসদ হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক। আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণ পর্ব। কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনেই ভোট হচ্ছে। সেই ভোটে শুধু ফুল বদল হল। প্রার্থী থাকল একই। রাজনীতির অঙ্কে নানা সমীকরণ দেখা যায় তা আবার প্রমাণিত হল।
এদিকে চলতি বছরের ৫ মার্চ তৃণমূল কংগ্রেসে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন কোয়েল মল্লিক। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে। তারপরই গত ১৬ জুলাই তৃণমূলের সাংসদপদ থেকে ইস্তফা দেন টলিউড অভিনেত্রী। ইস্তফা দিয়েই বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়ি গিয়ে দেখা করে আসেন। গুঞ্জন শুরু হয়, তবে কি বিজেপি প্রার্থী হবেন কোয়েল? এরপরই কোয়েল মল্লিকের পিতা বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিককে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবার গুঞ্জন সত্যি হল। আগামী ১৬ অক্টোবর নির্বাচন। তার আগেই জানা গেল বিজেপি প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক।
অন্যদিকে টলিউড পর্দা কাঁপানোর পাশাপাশি রাজনীতির ময়দানও যে কোয়েল কাঁপাতে জানেন এবার সেটা দিনের আলোর মতো পরিষ্কার। রবিবার আগের গুঞ্জনেই সিলমোহর দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কোয়েলের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে এবার তাঁকেই প্রার্থী করল বিজেপি। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ এর আগে প্রকাশ চিক বড়াইক, সুস্মিতা দেব এব সুখেন্দুশেখর রায়রা একইভাবে তৃণমূল থেকে ইস্তফা দিয়ে বিজেপির রাজ্যসভার সদস্য হয়েছিলেন। ঠিক সেই একই পথে হাঁটালেন কোয়েল মল্লিকও। গত ১৬ জুলাই নয়াদিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন অভিনেত্রী তথা সাংসদ কোয়েল মল্লিক। তাঁর কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। আর আগামী ১৬ অক্টোবর, দুর্গাষষ্ঠীর দিন ওই আসনে উপনির্বাচনের প্রার্থী তিনিই।
তাছাড়া রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ ছেড়ে দেওয়া চতুর্থজনকেও নিজেদের টিকিটে আবার রাজ্যসভায় পাঠাতে চলেছে বিজেপি। এই অভিনেত্রী যেদিন তৃণমূল থেকে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন, তখন শপথ নিয়ে বলেছিলেন, ‘দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। বাংলার মানুষের জন্য কাজ করতে চাই।’ এবার সেই কোয়েল মল্লিকই তৃণমূল নয়, বিজেপির হয়ে দেশের জন্য কাজ করবেন। আগামী ৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। তার আগেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে এবার বিজেপির প্রার্থী হবেন কোয়েল মল্লিক। এই ঘটনার ফলে মমতা তৃণমূলের লোকসভার সদস্য সংখ্যা ৮ এবং রাজ্যসভার সদস্য সংখ্যা হল ৯। তবে প্রশ্নও উঠছে, বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের আগেই তাঁর নাম প্রার্থীতালিকায় কেন?




