হাতেগোনা আর কয়েকদিন বাকি। তারপরেই মহালয়া। কিন্তু উৎসবের মরশুমে বৃষ্টি মাটি করে দেবে না তো? আপাতত সেই চিন্তাই ভাবাচ্ছে সকলকে। এর মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ৮-১৪ অক্টোবরের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। তবে বর্ষার বিদায় নিতে শুরু করলে পুজোর কয়েকটা দিন কী রকম আবহাওয়া থাকবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও আভাস মেলেনি। তবে আপাতত মহালয়ার আগে কোনও বড়সড় প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন থেকে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে। তাপমাত্রারও তেমন কোনও পরিবর্তন হবে না। তবে বৃষ্টি কমলেও বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। ভোরের দিকে শীতের অনুভূতি হলেও বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়তে পারে। শুধু তাই নয়, সোমবার থেকে আগামী পাঁচদিন কোনও বৃষ্টির সতর্কতা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ সাধারণত আকাশ পরিষ্কার থাকবে। কোনও কোনও জায়গায় হালকা মেঘলা আকাশের দেখা মিলতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আজ কোনও ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবার থেকে আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর।




