সামনেই দুর্গাপুজো। তাই কলকাতা এবং জেলায় জেলায় নিরাপত্তা দিতে হবে। কারণ সাধারণ মানুষ পথে নেমে পুজো পরিক্রমা করবেন। রাজপথে বাড়বে ভিড়। দিন-রাত কাতারে কাতারে মানুষ নেমে পড়বেন প্যান্ডেল হপিং করতে। নানা জেলা থেকে যেমন দর্শনার্থীরা কলকাতায় আসবেন তেমন শহর থেকেও বহু মানুষ প্রত্যেকবারের মতো এবারও জেলার পুজো দেখতে ভিড় জমাবেন। তাই মানুষজনের নিরাপত্তার স্বার্থে রাজ্য এবং কলকাতা পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হল। প্রত্যেকবারের মতো এবারও উৎসব মরশুমে বাতিল করা হয়েছে পুলিশের ছুটি। আগামী ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া কোনও ছুটি মঞ্জুর করা হবে না বলে জানানো হয়েছে।
নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের সাব ইনস্পেক্টর, সার্জেন্ট র্যাঙ্ক বা তার নীচের র্যাঙ্কের পুলিশ কর্মীদের রেশন ভাতা প্রত্যেক মাসে ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যা কার্যকর হবে ১ অক্টোবর তারিখ থেকে। সুতরাং এবার থেকে প্রত্যেক মাসে ২০০০ টাকা করে ভাতা পাবেন তাঁরা। দুর্গাপুজোর মুখে ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের নিচুতলার পুলিশ কর্মীদের রেশন ভাতা বাড়াল রাজ্য সরকার। এতে খুশির হাওয়া বইতে শুরু করেছে পুলিশমহলে। ছুটি বাতিল হলেও ভাতা তো একধাক্কায় ৫০০ টাকা বাড়ল। এটাই এখন আলোচনার বিষয় পুলিশকর্মীদের মধ্যে।
নবান্ন যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে সবটা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের যে সকল পুলিশকর্মী (সাব-ইন্সপেক্টর/সার্জেন্ট পদমর্যাদা বা তার নিচের পদমর্যাদার) এখন মাসিক ১,৫০০ (এক হাজার পাঁচশো) টাকা হারে রেশন ভাতা পাচ্ছেন। তাঁদেরকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ১ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে মাসিক ২,০০০ (দুই হাজার) টাকা হারে রেশন ভাতা প্রদান করা হবে।’ রেশন ভাতা বাড়ানো হোক এমন দাবি কিছুদিন থেকেই উঠছিল। সেই খবর পৌঁছে যায় নবান্নের অলিন্দে। আর তার জেরেই এই রেশন ভাতা বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
তাছাড়া দুর্গাপুজো মরশুমের কারণে সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিলেরও নির্দেশ জারি করা হয়েছে। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালিপুজো এবং ছটপুজোর জন্য ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত কোনও ছুটি মঞ্জুর করা হবে না। এই মর্মে সমস্ত জোনের আইজি, সিপি, এসপি স্তরের অফিসারদের নির্দেশ পাঠানো হয়েছে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।




