• facebook
  • twitter
  • youtube
Friday, 2 October, 2026

মহারাষ্ট্রের রায়গড়ের সৈকতে ছুটি কাটাতে গিয়ে পুনের ৮ ছাত্রের ডুবে মৃত্যু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ সমুদ্র সৈকতে পৌঁছয় দলটি। ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ৬ জন শিক্ষক ছিলেন দলে। সৈকতে যাওয়ার কিছুক্ষণ পরই ৮ ছাত্র সমুদ্রে নামেন

মহারাষ্ট্রের রায়গড়ের সৈকতে ছুটি কাটাতে গিয়ে পুনের ৮ ছাত্রের ডুবে মৃত্যু

Image: IANS

বেড়াতে গিয়ে সমুদ্রে নামাই কাল হল। মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় দিভেগর সমুদ্র সৈকতে (Diveagar beach) প্রবল স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হল ৮ কিশোরের। মৃতদের প্রত্যেকের বয়স ১৬ বছর। পুলিশ জানিয়েছে, সকলের দেহই উদ্ধার করা হয়েছে। পুনে জেলার আলান্দির একটি বেসরকারি কোচিং সেন্টারের পড়ুয়া ছিলেন তাঁরা। ৪৮ জনের একটি দল প্রায় ১৭০ কিলোমিটার দূরত্বে দিভেগরে বেড়াতে গিয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ সমুদ্র সৈকতে (Diveagar beach) পৌঁছয় দলটি। ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ৬ জন শিক্ষক ছিলেন দলে। সৈকতে যাওয়ার কিছুক্ষণ পরই ৮ ছাত্র সমুদ্রে নামেন। সমুদ্রের গভীরতা এবং স্রোতের তীব্রতা ঠিকমতো বুঝতে না পেরে তাঁরা বেশ কিছুটা ভিতরের দিকে চলে যান। এরপর আচমকাই প্রবল ঢেউ আসলে স্রোতে ভেসে যান ৮ জনই। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে স্থানীয় একটি ওয়াটার স্পোর্টস সংস্থার কর্মীরা।

দিভেগরের (Diveagar beach) ‘ভাউ মারুতি সালুনখে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ সালুনখে ও তাঁর দলের সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে নামেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর ৮ কিশোরের দেহই জল থেকে উদ্ধার করেন তাঁরা। পরে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে যোগ দেন।

ঘটনার খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার পুলিশ আধিকারিক বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে দেহগুলি উদ্ধার করে বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে।

ঘটনার আকস্মিকতায় শোকের ছায়া নেমেছে মৃত ছাত্রদের পরিবার এবং তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানটিতে। কয়েক ঘণ্টা আগেও যে সফর শুরু হয়েছিল আনন্দ আর উচ্ছ্বাসে, প্রবল সমুদ্রস্রোতের টানে (Diveagar beach) সেই সফর ৮ পরিবারের জীবনে নিয়ে এল অপূরণীয় ক্ষতি।