• facebook
  • twitter
  • youtube
Tuesday, 29 September, 2026

উৎসবের মরশুমে বড় ধাক্কা, বাড়ছে টিভি-ফ্রিজ-এসি-ওয়াশিং মেশিনের দাম

দুর্গাপুজো, নবরাত্রি, দশেরা কিংবা দীপাবলি—উৎসবের মরশুম মানেই বাজারজুড়ে নানা পণ্যে বড়সড় ছাড়ের হাতছানি। বিশেষ করে টিভি

উৎসবের মরশুমে বড় ধাক্কা, বাড়ছে টিভি-ফ্রিজ-এসি-ওয়াশিং মেশিনের দাম

দুর্গাপুজো, নবরাত্রি, দশেরা কিংবা দীপাবলি—উৎসবের মরশুম মানেই বাজারজুড়ে নানা পণ্যে বড়সড় ছাড়ের হাতছানি। বিশেষ করে টিভি, ফ্রিজ, এসি বা ওয়াশিং মেশিন কেনার জন্য এই সময়টাকেই বেছে নেন বহু ক্রেতা। তবে এবার সেই পরিকল্পনায় ধাক্কা দিতে পারে পণ্যের বাড়তি দাম। উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই একাধিক বৈদ্যুতিন পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি সংস্থা।

আগামী ১ অক্টোবর থেকে বাজারে নতুন দাম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এয়ার কন্ডিশনার, স্মার্ট এলইডি টিভি, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিনের মতো পণ্যের দাম বাড়তে পারে। বিভিন্ন সংস্থার ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধির হার আলাদা হলেও সামগ্রিকভাবে বেশ কিছু পণ্যের দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই ব্লু স্টার, গোদরেজ অ্যাপ্লায়েন্সেস, হায়ার, ডাইকিন এবং সুপার প্লাস্ট্রনিক্সের মতো সংস্থা বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এলজি এবং হিতাচি ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার বিক্রেতা বোস হোম কমফোর্টও এসির দাম প্রায় ৫ শতাংশ বাড়িয়েছে। অন্যদিকে, প্যানাসনিক এখনও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি।

কেন হঠাৎ এই মূল্যবৃদ্ধি? সংস্থাগুলির যুক্তি, উৎপাদন খরচ লাগাতার বেড়ে চলেছে। তামা, অ্যালুমিনিয়াম, ইস্পাত, প্লাস্টিক এবং অপরিশোধিত তেলের মতো গুরুত্বপূর্ণ কাঁচামালের দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে পরিবহন খরচও। ফলে বাড়তি খরচের চাপ সরাসরি পণ্যের দামের উপর পড়ছে।

বিশেষ করে তামার দাম বৃদ্ধিতে এয়ার কন্ডিশনার তৈরির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে গত বছর প্রতি টন তামার দাম যেখানে প্রায় ৮,০০০ থেকে ৯,০০০ ডলারের মধ্যে ছিল, তা বেড়ে বর্তমানে প্রায় ১৪,৫০০ ডলারে পৌঁছেছে। একটি সাধারণ এসি তৈরিতে প্রায় ৩ থেকে ৪ কিলোগ্রাম তামা লাগে। ফলে তামার দাম বৃদ্ধির প্রভাব সরাসরি উৎপাদন খরচে পড়ছে।

এর সঙ্গে যোগ হয়েছে ডলারের তুলনায় টাকার ওঠানামা এবং পরিবহন ব্যয় বৃদ্ধি। সব মিলিয়ে সংস্থাগুলির উৎপাদন খরচ এবং মুনাফার উপর চাপ তৈরি হয়েছে। সেই কারণেই এসির দাম প্রায় ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, কয়েকটি সংস্থা ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর এবং এলইডি টিভির দাম প্রায় ৩ থেকে ৪ শতাংশ বাড়ানোর পথে হাঁটছে।

তবে সব সংস্থা এখনও একই সিদ্ধান্ত নেয়নি। কয়েকটি সংস্থা পরিস্থিতি পর্যালোচনা করছে। কারণ উৎসবের মরশুমে দাম বাড়লে বাজারের চাহিদায় তার প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে। ফলে পুজোর আগে টিভি, ফ্রিজ, এসি বা ওয়াশিং মেশিন কেনার পরিকল্পনা থাকলে ক্রেতাদের জন্য উৎসবের ছাড়ের পাশাপাশি বাড়তি দামের বিষয়টিও মাথায় রাখতে হবে।