• facebook
  • twitter
  • youtube
Saturday, 26 September, 2026

রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, বদলি কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনারও

উত্তরবঙ্গেও বদল ঘটেছে। কালিম্পংয়ের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হলেন পূর্ণিমা শেরপা। বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার পদে নিয়ে

রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, বদলি কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনারও

Nabanna Photo-SNS

রাজ্য পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। ২৩ জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এই অফিসারদের মধ্যে কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তাও রয়েছেন। তাঁদের অন্য জায়গায় বদলি করা হয়েছে। আইপিএস এবং ডব্লিউবিপিএস পদমর্যাদার ওই অফিসারদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর। এই নিয়ে শনিবার সকাল থেকে জোর চর্চা শুরু হয়েছে।

এখানেই শেষ নয়, খোদ কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংকে উত্তরবঙ্গের আইজি, আইবি করে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে করা হয়েছে রাজ্য পুলিশের ডিআইজি, আইবি। আর কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গি গোয়েন্দা বিভাগের (ডিডি) ডিসি হয়েছেন। কিন্তু কেন একসঙ্গে ২৩ জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে এবং রদবদল করা হল তা নিয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। যদিও এটাকে রুটিন বদলি বলছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর।

স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস সুধীরকুমার নীলকান্তম। এই নীলকান্তম এতদিন এসটিএফের আইজিপি ছিলেন। মহানগরীর ট্রাফিকের নতুন যুগ্ম কমিশনার করা হয়েছে আইপিএস ভোলানাথ পাণ্ডেকে। তিনি রাজ্য পুলিশের ডিআইজি, আইবি ছিলেন। আইপিএস সুখেন্দু হীরা রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) ছিলেন। তাঁকে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (নিরাপত্তা) পদে। আইপিএস নীলু শেরপাকে ডব্লিউবিপিএইচআইডিসিএলের আইজিপি করা হয়েছে। তিনি ছিলেন এসসিআরবি’র আইজিপি। আর আইপিএস শঙ্খশুভ্র চক্রবর্তী ছিলেন হোমগার্ডের আইজি। যাঁকে এখন এসসিআরবি’র আইজিপি করা হল।

তাছাড়া ডব্লিউবিপিএইচআইডিসিএলের ডিআইজি ছিলেন আইপিএস দেবর্ষি দত্ত। তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার করা হয়েছে। আইপিএস নীমা নরবু ভুটিয়াকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর ১০ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার থেকে সিআইডির এসএস করা হল। আইপিএস ধৃতিমান সরকারকে এসএস, আইবি থেকে সরিয়ে পাঠানো হয়েছে মালদহে সিআইডির এসএস পদে।

কলকাতা পুলিশের সাইবার শাখায় নতুন ডিসি হলেন আইপিএস সৌম্যদীপ ভট্টাচার্য। তিনি আগে সশস্ত্র পুলিশবাহিনীতে ছিলেন। বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি, ডিডি হলেন আইপিএস কাজি সামসুদ্দিন আহমেদ। তিনি শিলিগুড়ি থানার ট্রাফিকের ডিসি ছিলেন। শুধু তাই নয়, একদা হলদিয়ায় কর্মরত ছিলেন। সেই সূত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ভাল সম্পর্ক আগে থেকেই ছিল। আইপিএস কুন্তল বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি হলেন। দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে ডব্লিউপিএস কৌস্তুভদীপ্তা আচার্যকে সরিয়ে আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

উত্তরবঙ্গেও বদল ঘটেছে। কালিম্পংয়ের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হলেন পূর্ণিমা শেরপা। বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার পদে নিয়ে আসা হয়েছে অভিষেক রায়কে। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পাচ্ছেন মানবেন্দ্র দাস। মালদহ গ্রামীণের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হলেন কুণাল বর্ণাবাস। এঁরা সকলেই ডব্লিউপিএস অফিসার।