• facebook
  • twitter
  • youtube
Saturday, 26 September, 2026

জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, খুনের অভিযোগ তুলেছে পরিবার, হরিণঘাটায় আলোড়ন

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন রাজু দাস। ওইদিন রাতেই দাদা তপনের সঙ্গে কথা হয় তাঁর। তারপর থেকে আর

জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, খুনের অভিযোগ তুলেছে পরিবার, হরিণঘাটায় আলোড়ন

Youth Deadbody Found Photo-Representative

এবার এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল হরিণঘাটার জলাশয় থেকে। এই যুবক দু’দিন ধরে নিঁখোজ ছিলেন বলে অভিযোগ। তারপরই শনিবার সকালে এলাকার জলাশয় থেকে উদ্ধার হল ওই নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ। যা নিয়ে হরিণঘাটায় তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। ওই যুবকের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে। বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে উদ্ধার হয়েছে যুবকের পচাগলা দেহ। পুলিশ ওই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সেখান থেকে রিপোর্ট এলেই স্পষ্ট হয়ে যাবে খুন করা হয়েছে কিনা।

শনিবার সকাল থেকে হরিণঘাটায় এই ঘটনা নিয়েই চর্চা চলছে পাড়ার মোড়ে, চায়ের দোকানে এবং ওই মৃত যুবকের বাড়ির প্রতিবেশীদের মধ্যে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রাজু দাস (৩৬)। এই যুবক বিরহী বাজার সংলগ্ন কালিতলা এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় পান এবং লটারি বিক্রেতা। রাজু দাসের দোকান রয়েছে বিরহী সবজি মার্কেটে। শনিবার সকালে বাড়ি থেকে একটু দূরে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন উড়ালপুলের পাশে জলাশয়ে কিছু একটা ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে দেখেন মানুষ ভাসছে। খবর দেওয়া হয় রাজুর পরিবারকে। তাঁরা মৃতদেহটি শনাক্ত করেন। খবর পেয়ে হরিণঘাটা থানার অন্তর্গত মোহনপুরের পুলিশ এসে জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন রাজু দাস। ওইদিন রাতেই দাদা তপনের সঙ্গে কথা হয় তাঁর। তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি। খোঁজাখুঁজি করেও কোনও ইঙ্গিত মেলেনি। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে রাজু দাসকে বিরহী বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। অনেকে তাঁকে বাড়ির দিকে চলে যেতেও দেখেছেন। তারপর থেকে কোনও কিছুই প্রকাশ্যে আসেনি। শুক্রবার পরিবারের সদস্যদের থেকে জানা যায় রাজু বাড়ি ফেরেনি। আর শনিবার ক্ষতবিক্ষত দেহ মেলে জলাশয়ে।

তাছাড়া পরিবারের দাবি, রাজুর দেহ একাধিক ক্ষত রয়েছে। রাজুকে কেউ বা কারা হত্যা করে জলাশয়ে ফেলে দিয়েছে। মৃতের দাদা তপন দাস বলেন, ‘ওকে মেরে ফেলা হয়েছে। মাথায়, মুখে ক্ষতচিহ্ন আছে। পুলিশ দেহ উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে দেহটি কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।’