দুর্গাপুজোর পরই পশ্চিমবঙ্গের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার বর্ধিত চাকরির মেয়াদ শেষ হচ্ছে। আগামী ৩১ অক্টোবর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। সেক্ষেত্রে রাজ্যের নতুন ডিজি কে হবেন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নবান্নের অলিন্দে। কারণ ইতিমধ্যেই রাজ্যের নতুন পুলিশ প্রধান বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে নবান্ন বলে সূত্রের খবর। এমনকী এই নিয়ে একপ্রস্ত আলোচনাও হয়েছে বলে জানা গিয়েছে। সিদ্ধিনাথ গুপ্তা অত্যন্ত দক্ষ অফিসার। একের পর এক বড় সমস্যা সামলে দিয়েছেন। পুলিশমহলে তাঁর কর্মদক্ষতা রীতিমতো চর্চিত হয়। এবার কে হবেন রাজ্য পুলিশের পরবর্তী ডিজি? এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে।
নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগের জন্য একের পর এক সিনিয়র আইপিএস অফিসারদের নাম উঠে এসেছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের নাম পাঠানো হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে। এই তালিকার মধ্যে সাতজনের নাম রয়েছে। যা নিয়ে জোর আলোচনা চলছে। এই তালিকায় রাখা হয়েছে ১৯৯১ থেকে ১৯৯৫ ব্যাচের আইপিএস অফিসারদের। ১৯৯১ সালের ব্যাচের নটরাজন রমেশবাবু (ডিজি, সিআইডি), অনুজ শর্মা (ডিজি, দমকল), ১৯৯২ সালের ব্যাচের সঞ্জয় সিং (সাইবার সেল), ১৯৯৩ সালের ব্যাচের পীযূষ পাণ্ডে (ডিজি, সিকিউরিটি), প্রবীণ কুমার (ডিজি, বিএসএফ), ১৯৯৫ সালের ব্যাচের জাভেদ শামিম (ডিজি, এসটিএফ) এবং অজয় মুকুন্দ রানাডে (ডিজি, আইনশৃঙ্খলা)।
এই নামগুলিই এখন চর্চায় উঠে এসেছে। এই নামের তালিকা পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। প্রশাসনের অনেকে বলছেন, এই দৌড়ে এগিয়ে আছেন বিএসএফের ডিজি প্রবীণ কুমার। অবিভক্ত মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন ১৯৯৩ সালের আইপিএস প্রবীণ কুমার। এখন তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি রিপোর্ট করেন। প্রায় দেড় দশক ধরে তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কাজ করছেন। তাঁর বিরুদ্ধে এখনও কোনও বিতর্ক নেই। সূত্রের খবর, কেন্দ্রীয সরকারের বিশেষ নজরে আছেন প্রবীণ কুমার।
কেন্দ্রীয় সরকার ডিজি বিএসএফ প্রবীণ কুমারের নাম বিশেষ করে অনুমোদন করেছেন ইউপিএসসির কাছে। যাতে তিনি রাজ্য পুলিশের প্রধান ডিজি পদে নিযুক্ত হতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাই চাইছেন তার কর্মজীবনের সাফল্যতার দিকে তাকিয়ে। তবে সিনিয়রের দিক থেকে এগিয়ে আছেন ১৯৯১ ব্যাচের আইপিএস নটরাজন রমেশ বাবু। এখন নটরাজন রমেশবাবু রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের ডিজি।




