• facebook
  • twitter
  • youtube
Wednesday, 23 September, 2026

চিনের কাছে ১-৩ হার, তবু ইতিহাস ভারতীয় ব্যাডমিন্টনে! ৪০ বছর পর ঘটল এই ঘটনা

লড়াই ছিল সোনার জন্য। কিন্তু চিনের সামনে শেষ পর্যন্ত থামতে হল ভারতকে। এশিয়ান গেমসের পুরুষদের দলগত ব্যাডমিন্টনের সেমিফাইনালে

চিনের কাছে ১-৩ হার, তবু ইতিহাস ভারতীয় ব্যাডমিন্টনে! ৪০ বছর পর ঘটল এই ঘটনা

লড়াই ছিল সোনার জন্য। কিন্তু চিনের সামনে শেষ পর্যন্ত থামতে হল ভারতকে। এশিয়ান গেমসের পুরুষদের দলগত ব্যাডমিন্টনের সেমিফাইনালে চিনের কাছে ১-৩ হেরে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। তবে এই ব্রোঞ্জও কম কৃতিত্বের নয়। ৪০ বছর পর এশিয়ান গেমসে পুরুষদের দলগত বিভাগে পর পর দু’বার পদক জিতল ভারত। ২০২৩ হাংঝৌ এশিয়ান গেমসে রুপো জেতার পর এ বার এল ব্রোঞ্জ।

চিনের বিরুদ্ধে প্রথম সিঙ্গলসেই ধাক্কা খায় ভারত। বিশ্ব ক্রমতালিকায় ১৪ নম্বরে থাকা লক্ষ্য সেনকে হারান ছ’নম্বরে থাকা শি ইউ কি। ১৬-২১, ১৮-২১ গেমে ম্যাচ জিতে চিনকে ১-০ এগিয়ে দেন তিনি। সেমিফাইনালে ওঠার পথে দুরন্ত লড়াই করা লক্ষ্য এ দিন নিজের সেরা ছন্দে ছিলেন না।

এর পর অবশ্য দুরন্ত ভাবে ঘুরে দাঁড়ায় ভারত। ডাবলসে নামা সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি দুর্দান্ত খেলেন। প্যারিস অলিম্পিক্সের রুপোজয়ী এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিয়াং ওয়েই কেং ও ওয়াং চ্যাং জুটিকে ২১-১১, ২২-২০ গেমে হারিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন তাঁরা। পাঁচ ম্যাচের লড়াইয়ে তখন স্কোর ১-১।

কিন্তু তৃতীয় ম্যাচে আবার পিছিয়ে পড়ে ভারত। তরুণ আয়ুষ শেট্টির সামনে ছিলেন বিশ্ব ক্রমতালিকায় ১২ নম্বরে থাকা লি শি ফেং। ২০ নম্বরে থাকা আয়ুষ ১৯-২১, ১৩-২১ গেমে হেরে যান। ফলে চিন ২-১ এগিয়ে যায়।

চাপ তখন হরিহরণ আমসকরুণন এবং এমআর অর্জুনের উপর। দ্বিতীয় ডাবলসে চিনের হে জি টিং এবং লিউ ই-র বিরুদ্ধে লড়াই করেন তাঁরা। চিনের জুটিতে শেষ মুহূর্তে পরিবর্তন হয়। অসুস্থ হয়ে পড়ায় চেন বোইয়াংয়ের জায়গায় দলে ঢোকেন জি টিং। ভারতীয় জুটি প্রথম গেমে ১৬-২১ হেরে গেলেও দ্বিতীয় গেমে ২১-১৭ জিতে ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু তৃতীয় গেমে ৯-২১ হেরে যায় ভারত। ৩-১ ব্যবধানে টাই জিতে ফাইনালে উঠে যায় চিন।

সোনা বা রুপোর লড়াই শেষ হলেও ইতিহাসের পাতায় জায়গা করে নিল ভারতীয় দল। ১৯৮২ এবং ১৯৮৬ সালের এশিয়ান গেমসে পর পর ব্রোঞ্জ জিতেছিল ভারত। তার পর আবার ২০২৩-এ রুপো এবং ২০২৬-এ ব্রোঞ্জ। অর্থাৎ চার দশক পর এশিয়ান গেমসে পুরুষদের দলগত ব্যাডমিন্টনে টানা দু’টি পদক ভারতের।

চিনের বিরুদ্ধে হারটা তাই হতাশার হলেও, ভারতীয় ব্যাডমিন্টনের সামগ্রিক ছবিতে এই ব্রোঞ্জ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রইল।