• facebook
  • twitter
  • youtube
Wednesday, 23 September, 2026

আইনজীবীর ওপর ডিম হামলা, আদালতের মর্যাদা প্রশ্নে বারুইপুরের ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের

বারুইপুর আদালতে আইনজীবী ও সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগে নড়েচড়ে বসল কলকাতা হাইকোর্ট।

আইনজীবীর ওপর ডিম হামলা, আদালতের মর্যাদা প্রশ্নে বারুইপুরের ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের

বারুইপুর আদালতে আইনজীবী ও সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগে নড়েচড়ে বসল কলকাতা হাইকোর্ট। ঘটনার রিপোর্ট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

বারুইপুর আদালত চত্বরে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার আবহ তৈরি হয়েছে। ঘটনার পর এদিন বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধানবিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চের নজরে আনেন আইনজীবীদের একাংশ। ঘটনাটি নিয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট জেলা জজের কাছ থেকে রিপোর্ট চেয়েছে আদালত।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রিপোর্ট পাওয়ার পর ঘটনার গুরুত্ব বিচার করে আদালত স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ঘটনার প্রতিবাদে কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলের একাংশ এদিন প্রতিবাদ মিছিল করেন। মিছিলে উপস্থিত ছিলেন আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কল্লোল বসু, ফিরদৌস শামীম, সভ্যসাচী চট্টোপাধ্যায়, শামীম আহমেদ, অভিষেক হালদার-সহ বহু আইনজীবী।

প্রতিবাদী আইনজীবীদের একাংশের অভিযোগ, আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা এবং বিচারব্যবস্থার মর্যাদা রক্ষার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের বক্তব্য, মতপার্থক্য বা রাজনৈতিক বিরোধ থাকলেও কোনও ব্যক্তি,তিনি আইনজীবী হোন বা সাধারণ নাগরিক,তাঁর প্রতি শারীরিক আক্রমণ বা অপমানজনক আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।

আইনজীবীদের একাংশ আরও অভিযোগ করেন, জনজীবনে এমন আচরণের প্রবণতা বন্ধ হওয়া জরুরি। তাঁদের দাবি, আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিবর্তে যে কোনও অভিযোগ বা বিরোধের সমাধান আইনি ও গণতান্ত্রিক পথেই হওয়া উচিত।

বারুইপুরের ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নজর পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে,আদালত চত্বরে আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত? এখন নজর আদালতের তলব করা রিপোর্টের দিকে। সেই রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট পরবর্তী কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে আইনজীবী মহলের একাংশের।