• facebook
  • twitter
  • youtube
Saturday, 19 September, 2026

কোল ইন্ডিয়ার বিরুদ্ধে সাত গোলে জয় পেয়েও রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে

কোল ইন্ডিয়ার ফুটবলাররা কোনওভাবেই সেই ঝড় সামাল দিতে পারছিলেন না। খেলার ৫২ মিনিটের মাথায় আকাশ হেমব্রম একক কৃতিত্বে গোল করে ইস্টবেঙ্গলের ব্যবধান (৩-০) বাড়িয়ে দেন। ৬০ মিনিটে আবার গোল করেন বিজয় মুর্মু। ইস্টবেঙ্গল ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পরে কিছুটা হালকা চালে খেলার চেষ্টা করে। সেই অবসরে প্রতিপক্ষ কোল ইন্ডিয়ার ফুটবলাররা পাল্টা আক্রমণ করার চেষ্টা করেন।

কোল ইন্ডিয়ার বিরুদ্ধে সাত গোলে জয় পেয়েও রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে

Photo: EBFC Media

এবারের কলকাতা ফুটবল লিগে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে। কলকাতার অভিনব ফুটবল লিগে যে জটিল অঙ্ক নিয়ে শনিবার তিন প্রধান সহ পাঁচ দল মাঠে নেমেছিল, তা নিয়ে অনেক সমীক্ষা হয়েছে। প্রত্যেক দলের সামনে লিগ জয়ের হাতছানি ছিল। ইস্টবেঙ্গল সেই অঙ্কে খেলতে নেমে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে কমপক্ষে পাঁচ গোলের প্রয়োজন ছিল। সবাই অপেক্ষায় ছিলেন যদি মোহনবাগান-মহামেডান স্পোর্টিংয়ের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয় তাহলে বাড়তি সুবিধা পেয়ে যাবে লাল-হলুদ ব্রিগেড। সেই অঙ্কে কোল ইন্ডিয়াকে গোলের বন্যায় ভাসিয়ে দেবে ইস্টবেঙ্গল। তাই দুই শতাধিক লাল-হলুদ সমর্থকদের গ্যালারিতে দেখতে পাওয়া যায়। খেলা উপভোগ করেছেন গোলের বন্যা দেখে। ইস্টবেঙ্গল ৭-০ গোলে কোল ইন্ডিয়াকে হারিয়ে এবারের কলকাতা ফুটবলে রানার্স আপ হল।

কোল ইন্ডিয়া যাদের নিয়ে দল গঠন করেছিল, তারা নিজেরাও জানত কোনওভাবেই এই ম্যাচ ছিনিয়ে নেওয়া বা ড্র করা তাদের পক্ষে সম্ভব হবে না। চারজন প্রথম সারির ফুটবলার কোল ইন্ডিয়ার হয়ে খেলেননি। যার ফলে আরও সুবিধা হয়ে যায় প্রতিপক্ষ ইস্টবেঙ্গল দলের কাছে। শুরু থেকেই ইস্টবেঙ্গলের ফুটবলাররা যেভাবে প্রতিপক্ষ কোল ইন্ডিয়াকে একেবারে কোণঠাসা করে রেখে দিয়েছিলেন, তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল জয়ের ব্যবধান অনেক গোলের হবে। শেষ পর্যন্ত তাই হল। খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। খেলার ২ মিনিটের মাথায় মহম্মদ বিলাল গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখেন। খেলার ১০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বিজয় মুর্মু।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইস্টবেঙ্গলের ফুটবলাররা গতি বাড়িয়ে আক্রমণে ঝড় তুলতে থাকেন কোল ইন্ডিয়ার দুর্গে। কোল ইন্ডিয়ার ফুটবলাররা কোনওভাবেই সেই ঝড় সামাল দিতে পারছিলেন না। খেলার ৫২ মিনিটের মাথায় আকাশ হেমব্রম একক কৃতিত্বে গোল করে ইস্টবেঙ্গলের ব্যবধান (৩-০) বাড়িয়ে দেন। ৬০ মিনিটে আবার গোল করেন বিজয় মুর্মু। ইস্টবেঙ্গল ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পরে কিছুটা হালকা চালে খেলার চেষ্টা করে। সেই অবসরে প্রতিপক্ষ কোল ইন্ডিয়ার ফুটবলাররা পাল্টা আক্রমণ করার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে তন্ময় দাস গোল করেন। ইস্টবেঙ্গল ৫-০ গোলে এগিয়ে যায়। খেলার দ্বিতীয় পর্বের সংযুক্ত সময়ে ইস্টবেঙ্গল পরপর দু’টি গোল পেয়ে যায়। প্রথম গোলটি করেন আকাশ হেমব্রম আর অন্য গোলটি করেছেন উত্তম হাঁসদা। ইস্টবেঙ্গল ৭-০ গোলে এদিন কোল ইন্ডিয়াকে শুধু হারাল না, এবারে কলকাতা ফুটবল লিগে অপরাজিতভাবে রানার্স আপ হল। এবারে ইস্টবেঙ্গল ৯টি ম্যাচে জয় পেয়েছে আর পাঁচটি ম্যাচ অমীমাংসিতভাবে খেলা শেষ করেছে। ইস্টবেঙ্গল এবারে মোট ৩৫টি গোল করে।