এক জন অলিম্পিকের মঞ্চে ইতিহাস গড়েছেন। অন্য জন এশিয়ান গেমসে পর পর দু’বার সোনা জিতেছেন। এ বার একই সঙ্গে দেশের পতাকা হাতে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন মনু ভাকের এবং তেজিন্দরপাল সিং তুর।
শুক্রবার ২০২৬ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতের দুই পতাকাবাহকের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার নাগোয়ায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের শেফ দ্য মিশন সহদেব যাদব প্রথমে মনু ভাকেরের নাম জানান। পরে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া নিশ্চিত করে, দ্বিতীয় পতাকাবাহক হচ্ছেন শটপুটার তুর।
মনু ২০২৪ প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছিলেন। স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিক্সে দু’টি পদক জেতার নজির গড়েন তিনি। প্যারিসে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং সরবজ্যোৎ সিংহের সঙ্গে মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন মনু। নাগোয়ায় তাঁর লড়াই ১০ মিটার এয়ার পিস্তল, ২৫ মিটার পিস্তল এবং মিক্সড টিম ইভেন্টে।
তুরেরও রয়েছে এশিয়ান গেমসের মঞ্চে দুরন্ত রেকর্ড। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে পুরুষদের শটপুটে সোনা জেতার পর ২০২৩ হাংঝৌতেও সেই সাফল্য ধরে রাখেন তিনি। এ বার তাঁর সামনে টানা তৃতীয় এশিয়ান গেমস সোনার লক্ষ্য। হাংঝৌতে ২০.৩৬ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন তুর।
পতাকাবাহকের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত তুর। ভারতীয় অলিম্পিক্স সংস্থার একটি ভিডিওয় বার্তায় তিনি বলেন, ‘ভারতের পতাকাবাহক হতে পেরে আমি গর্বিত। প্রত্যেক ক্রীড়াবিদেরই স্বপ্ন থাকে নিজের দেশের পতাকা বহন করার। এই সম্মান দেওয়ার জন্য আইওএ-কে ধন্যবাদ। আমার জীবনের অন্যতম বড় মুহূর্ত হতে চলেছে এটি। অলিম্পিক্স পদকজয়ী মনু ভাকেরের সঙ্গে দেশের পতাকা বহন করতে পারব’।
ভারতের এশিয়ান গেমস অভিযানে শুটিং এবং অ্যাথলেটিক্স বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ২০২৩ হাংঝৌ এশিয়াডে অ্যাথলেটিক্স থেকে ভারত পেয়েছিল ২৯টি পদক—৬টি সোনা, ১৪টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ। শুটিং থেকে এসেছিল ২২টি পদক—৭টি সোনা, ৯টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ। সব মিলিয়ে ২০২৩-এ ভারত ১০৭টি পদক জিতেছিল, যার মধ্যে ছিল ২৮টি সোনা।
নাগোয়ায় এ বার ভারতের প্রতিনিধি দলে ৫০০-র বেশি ক্রীড়াবিদ রয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেই বিশাল দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন মনু ও তুর। এক জন অলিম্পিক্সের মঞ্চে ইতিহাসের সাক্ষী, অন্য জন এশিয়ান গেমসের মঞ্চে নিজের আধিপত্য ধরে রাখার লড়াইয়ে নামবেন—ভারতের পতাকা তাঁদের হাতেই উঠবে নাগোয়ার আকাশে।




