এশিয়ান গেমস (Asian Games) শুরুর আগেই ফের অস্বস্তিকর ঘটনায় শিরোনামে ভারতীয় শিবির। নাগোয়ায় পৌঁছনোর পর ভারতীয় জিমন্যাস্ট প্রণতি নায়কের (Gymnast Pranati Nayak) সঙ্গে তাঁর কোচ অশোক মিশ্রকেও (Ashok Misra) একই ঘর বরাদ্দ করে দেওয়া হল! বিষয়টি জানাজানি হওয়ার পর শুরু হয় তুমুল হইচই। শেষ পর্যন্ত ভারতীয় অলিম্পিক সংস্থার হস্তক্ষেপে রাত দেড়টা নাগাদ সমস্যার সমাধান হয়। তবে ভোগান্তি তখনও শেষ হয়নি।
এশিয়ান গেমসের (Asian Games) জন্য এ বার অভিনব আবাসনের ব্যবস্থা করেছে আয়োজকরা। ক্রুজ জাহাজ থেকে শুরু করে অস্থায়ী কাঠের কন্টেনার—বিভিন্ন জায়গায় থাকছেন প্রতিযোগী ও দলের আধিকারিকেরা। সেই আবাসন ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই একাধিক অভিযোগ উঠেছে। তার মধ্যেই বৃহস্পতিবার রাতে প্রণতি (Gymnast Pranati Nayak) -অশোকের (Ashok Misra) ঘর নিয়ে তৈরি হল নতুন বিতর্ক।
খবর অনুযায়ী, নাগোয়ায় নিজেদের নির্ধারিত আবাসনে পৌঁছে প্রণতি (Gymnast Pranati Nayak) ও তাঁর কোচ জানতে পারেন, দু’জনের জন্য একই ঘর বরাদ্দ হয়েছে। মহিলা অ্যাথলিট এবং পুরুষ কোচকে একই ঘরে রাখার এই ব্যবস্থা নিয়ে স্বাভাবিক ভাবেই আপত্তি ওঠে। স্থানীয় আয়োজক এবং দলের আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও প্রথম দিকে সমস্যার সমাধান হয়নি।
পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় ভারতীয় অলিম্পিক সংস্থাকে। প্রায় রাত দেড়টার সময় প্রণতির জন্য আলাদা ব্যবস্থা করা হয়। কিন্তু অশোককে নতুন ঘরের চাবি নিতে গিয়ে ফের বিপাকে পড়তে হয়।
হোটেলের রেজিস্টারে তাঁর নামে কোনও বুকিং খুঁজে পাচ্ছিলেন না কর্মীরা। পরে জানা যায়, সরকারি নথিতে তাঁর নাম লেখার সময় একটি ছোট ভুল হয়েছিল—নামের মধ্যে ‘I’ অক্ষরটি বাদ পড়েছিল। সেই ভুল সংশোধন এবং তাঁর অ্যাক্রেডিটেশন যাচাই করতে আরও প্রায় ৪৫ মিনিট সময় লাগে। অর্থাৎ রাত দুটোর পরেই নিজের ঘরে গিয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ পান কোচ।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন প্রণতিও (Gymnast Pranati Nayak) । তাঁকে প্রশ্ন করা হলে ভারতীয় জিমন্যাস্ট বলেন, ‘হ্যাঁ, হোটেলের ঘর নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল। রাত দুটোর মধ্যে সমস্যাটার সমাধান হয়ে যায়।’
প্রণতি (Gymnast Pranati Nayak) অবশ্য এ বার এশিয়ান গেমসে (Asian Games) পদকের লক্ষ্যেই নামছেন। ৩১ বছরের এই জিমন্যাস্টের এটি চতুর্থ এশিয়ান গেমস। এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতলেও এশিয়ান গেমসের (Asian Games) পদক এখনও তাঁর অধরা। তাই প্রতিযোগিতা শুরুর আগে এমন প্রশাসনিক ঝামেলা যে তাঁর পছন্দ নয়, তা বলাই যায়।
আরও পড়ুন: যুবরাজের মন্ত্রেই ৩০ বলে সেঞ্চুরি! অভিষেককে কী বলেছিলেন তাঁর ‘স্যার’?
আর এই ঘটনা কোনও বিচ্ছিন্ন সমস্যা নয়। ভারতীয় দল জাপানে পৌঁছনোর পর থেকেই আবাসন নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। অনেক ক্রীড়াবিদকে ঘর পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। প্রশিক্ষণ এবং খাবারের ব্যবস্থাও নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতীয় কবাডি দলও একই ধরনের হোটেল-বিভ্রাট এবং দেরিতে চেক-ইনের সমস্যায় পড়েছিল বলে জানা গিয়েছে।
অন্য দিকে, এশিয়ান গেমসের (Asian Games) আয়োজক কমিটির সভাপতি হিদেকি ওমুরা জানিয়েছেন, সমস্যাগুলি সামনে আসার সঙ্গে সঙ্গে সেগুলি সমাধানের চেষ্টা করা হচ্ছে। তাঁর কথায়, ‘যদি কোনও বিষয়ে সমস্যা থাকে, আমরা যথাযথ ভাবে তার জবাব দেব। এই মুহূর্তে আমরা এক-একটি অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছি, সমস্যাগুলি সামনে আসার সঙ্গে সঙ্গে সব কিছু উন্নত করার চেষ্টা করছি এবং এ ভাবেই তা চালিয়ে যাব।’
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস (Asian Games)। তার আগে ভারতীয় ক্রীড়াবিদদের মনোযোগ মাঠের বদলে আবাসন-ব্যবস্থার সমস্যায় আটকে না থাকে, সেটাই চিন্তার বিষয়।
দেখুন: “উত্তর দিন প্রধানমন্ত্রী!” পাকিস্তানের সরাসরি হুঁশিয়ারি সত্ত্বেও কেন চুপ কেন্দ্র?




