তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন চোখের চিকিৎসায় বিদেশে আছেন। সেখানে চলছে চোখের চিকিৎসা। সুপ্রিম কোর্টের অনুমতি নিয়েই বিদেশে পা রেখেছেন তিনি। ১০ দিনের বেশি সময় কেটে গিয়েছে। সেখানে চোখের চিকিৎসা কেমন চলছে? এই প্রশ্নের উত্তর জানতে চান অনেকেই। এবার নিজের চোখের ছবি দিয়ে বার্তা দিলেন অভিষেক নিজেই। আর সে ছবি দিয়ে যে বার্তা দিয়েছেন তিনি তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে চোখের ছবি দিয়ে বার্তা দিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ।
এই আবহে অনেকে মনে করছেন, চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশযাত্রায় বাধা দেওয়ার জবাবও এই বার্তায় লুকিয়ে আছে। চোখের নীচে স্পষ্ট ক্ষতচিহ্ন। ক্যামেরার দিকে রয়েছে স্থির দৃষ্টি। ওই চোখের ছবির সঙ্গে মাত্র দু’টি বাক্য লেখা রয়েছে। কিন্তু সে বার্তা বেশ জোরালো। আমেরিকায় চোখের চিকিৎসার মধ্যেই এমন বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। গত ৪ সেপ্টেম্বর দুপুরে আমেরিকায় পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জন্স হপকিন্স হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। আগেও ওই হাসপাতালেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছিল। এখন তাঁর চোখের পরিস্থিতি কেমন আছে সেটা বোঝাতে একটি ছবি-সহ বার্তা পোস্ট করেছেন তিনি। বুধবার যা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
তবে চোখের যে ছবিটি পোস্ট করেছেন অভিষেক তাতে বেশ কয়েকটি প্রশ্ন তুলে দিয়েছে। চোখের নীচের ক্ষতচিহ্ন এখন কোন পর্যায়ে আছে? তাঁর চিকিৎসা কি এখনও সম্পূর্ণ হয়নি? চিকিৎসকদের কি আরও কিছু সময় তাঁকে আমেরিকায় থাকতে বলেছেন? কারণ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অভিষেক দু’লাইনের বার্তায় লেখেন, ‘এই ক্ষতচিহ্নই বলে দিচ্ছে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। সবকিছু ঠিকঠাক হওয়ার ধারেকাছেও যে নেই, তা এই চোখই বলে দিচ্ছে।’ ইংরেজিতে লিখেছেন, ‘The scar tells you I’ve been through something. The eyes tell you I’m nowhere near done!’ অর্থাৎ বাংলা তর্জমা করলে এমনও দাঁড়ায়, চোখ বলে দেয়, ‘আমার লড়াই এখনও শেষ হওয়ার ধারেকাছেও নয়!’
তাছাড়া গত ১০ আগস্ট সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তিন সপ্তাহের জন্য অভিষেকের বিদেশযাত্রায় কোনও বাধা দেওয়া যাবে না। সর্বোচ্চ আদালতের সময়সীমা অনুযায়ী, ২২-২৩ তারিখ কলকাতায় ফেরার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যে এই চোখের ছবি দিয়ে সমাজমাধ্যমে পোস্ট বেশ ইঙ্গিতবাহী। এখনও পর্যন্ত ১০ বার চোখের চিকিৎসা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যে অভিষেকের ‘I’m nowhere near done’ মন্তব্যটি অনেককে ভাবিয়ে তুলেছে।




