প্রি অ্যাকটিভেটেড সিম চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। গত ১০ সেপ্টেম্বর বিশেষ সূত্র মারফত খবর পেয়ে লেক টাউন থানার পুলিশের একটি দল বেলগাছিয়া এলাকায় তল্লাশি শুরু করে। সেই তল্লাশিতে ৩৩ বছর বয়সী মহম্মদ শাকিলকে গ্রেপ্তার করা হয়। মূলত প্রি অ্যাকটিভেটেড সিম কার্ডেডর লেনদেনে যুক্ত থাকার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
তার থেকে একটি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করে এই প্রি অ্যাকটিভেটেড সিম কার্ড লেনদেন চক্রের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। যদিও তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই টালা চত্বরে তল্লাশি চালিয়ে মহম্মদ বিলাল কুরেশিকে গ্রেপ্তার করা হয়।
তাকে শুক্রবার দুপুর ২টো ৪৫ নাগাদ গোপাল মুখার্জি রোড থেকেই গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তার একটি মোবাইল ফোন, সিম কার্ড। ধৃত ২ জনকেই আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে পুলিশি তরফে।




