• facebook
  • twitter
  • youtube
Sunday, 6 September, 2026

চিনের মাটিতে চিনা জুটিকে হারিয়ে ইতিহাস, চায়না মাস্টার্স সাত্ত্বিক-চিরাগের

দু’বার ফাইনালে উঠেও খেতাব আসেনি। ২০২৩ এবং ২০২৫—দু’বারই রানার্স হয়েই থামতে হয়েছিল। এ বার আর ভুল করলেন না সাত্ত্বিক

চিনের মাটিতে চিনা জুটিকে হারিয়ে ইতিহাস, চায়না মাস্টার্স সাত্ত্বিক-চিরাগের

PC-X

দু’বার ফাইনালে উঠেও খেতাব আসেনি। ২০২৩ এবং ২০২৫—দু’বারই রানার্স হয়েই থামতে হয়েছিল। এ বার আর ভুল করলেন না সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। প্রথম গেমে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটান তাঁরা। চিনের হে জি তিং এবং রেন শিয়াং ইউ-কে হারিয়ে প্রথম বার চায়না মাস্টার্স সুপার ৭৫০-এর পুরুষদের ডাবলস খেতাব জিতে নিলেন ভারতের এই তারকা জুটি।

এক ঘণ্টা ১০ মিনিটের ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জিতলেন ১১-২১, ২১-১৩, ২১-১৭। প্রথম গেমে একেবারেই ছন্দে ছিলেন না তাঁরা। চিনা জুটি শুরুতেই ৫-০ এগিয়ে যায়। আক্রমণের গতি এবং স্ম্যাশে চাপে পড়ে যায় ভারতীয় জুটি। এক সময় স্কোর হয়ে যায় ৯-১৭। শেষ পর্যন্ত প্রথম গেম হাতছাড়া হয়।

কিন্তু দ্বিতীয় গেম থেকেই বদলে যায় ছবিটা। রক্ষণ আরও শক্ত করেন সাত্ত্বিক-চিরাগ। র‌্যালি লম্বা করেন। সামনের কোর্টে চিনা জুটিকে সহজে সুযোগও দেননি। ৬-৭ থেকে পর পর পয়েন্ট নিয়ে এগিয়ে যান তাঁরা। বিরতির সময় ১১-৭-এ এগিয়ে ছিল ভারত। একটি ৪৫-শটের র‌্যালিও জিতে নেন সাত্ত্বিক-চিরাগ। শেষ পর্যন্ত ২১-১৩ জিতে ম্যাচ সমতায় ফেরান তাঁরা।

নির্ণায়ক গেমে অবশ্য ফের ঝাঁপিয়ে পড়ে চিনা জুটি। ৪-০, তার পর ৭-৩-এ এগিয়ে যায় তারা। কিন্তু সেখান থেকেও হাল ছাড়েননি সাত্ত্বিক-চিরাগ। ৭-৭ সমতা ফেরানোর পর লড়াই চলতে থাকে হাড্ডাহাড্ডি। বিরতির সময় ১১-১৩ পিছিয়ে ছিলেন ভারতীয়রা। কিন্তু শেষ দিকে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন তাঁরা। ১৬-১৬ সমতার পর ১৮-১৭ এগিয়ে যান সাত্ত্বিক-চিরাগ। একটি নেট-কর্ডে তিনটি ম্যাচ পয়েন্ট পেয়ে যান তাঁরা। শেষ পর্যন্ত চিরাগের দুরন্ত স্ম্যাশেই খেতাব নিশ্চিত হয়।

এই জয় সাত্ত্বিক-চিরাগের মরসুমের দ্বিতীয় খেতাব। এর আগে সিঙ্গাপুর ওপেন সুপার ৭৫০ জিতেছিলেন তাঁরা। থাইল্যান্ড ওপেন সুপার ৫০০-তেও ফাইনালে উঠেছিলেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ভারতীয় জুটির জন্য এই জয় আরও গুরুত্বপূর্ণ, কারণ সামনে এশিয়ান গেমস। জাপানে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা সেই প্রতিযোগিতায় নিজেদের সোনা ধরে রাখার লক্ষ্যে নামবেন তাঁরা।

চিনের জুটির বিরুদ্ধে এই জয় আরও তাৎপর্যপূর্ণ। হে জি তিং এবং রেন শিয়াং ইউ-র বিরুদ্ধে আগের দু’টি সাক্ষাতেও জিতেছিলেন সাত্ত্বিক-চিরাগ। এ বার সেই অপরাজিত থাকার রেকর্ড আরও শক্ত হল। তবে সবচেয়ে বড় কথা, যে প্রতিযোগিতায় দু’বার ফাইনালে উঠে খেতাব থেকে বঞ্চিত হতে হয়েছিলেন, তৃতীয় বার সেই আক্ষেপ ঘুচিয়ে দিলেন ভারতের জুটি।

এশিয়ান গেমসের আগে তাই সাত্ত্বিক-চিরাগের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। চিনের মাটিতে চিনা জুটিকে হারিয়ে শুধু একটি সুপার ৭৫০ খেতাবই নয়, পেলেন বড় মঞ্চে নিজেদের মানসিক শক্তিরও প্রমাণ।