সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই কলকাতা ডার্বি। সোমবার বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দীর্ঘ আট বছর পর বারাসত স্টেডিয়ামে ফিরছে এই মহারণ। হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে চাইছে না জেলা পুলিশ প্রশাসন। ম্যাচের নিরাপত্তায় মোতায়েন থাকছেন প্রায় ১১০০ পুলিশকর্মী। তাঁদের মধ্যে থাকবেন ৬ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক। বারাসত পুলিশ জেলার বাইরে থেকেও অতিরিক্ত বাহিনী আনা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জে মার্সি।
রবিবার বারাসত ক্রীড়াঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে সাংবাদিকদের মুখোমুখি হন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, দর্শকদের জন্য থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। দুপুর ৩টে থেকেই কার্যকর হবে বিশেষ নিরাপত্তা বেষ্টনী। বিকেল ৫টায় শুরু হবে বহু প্রতীক্ষিত ডার্বি।
স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। প্রথম স্তরে টিকিট পরীক্ষা করে দর্শকদের নির্দিষ্ট ব্লকে পাঠানো হবে। দ্বিতীয় স্তরে ব্যাগ-সহ অন্যান্য সামগ্রী খুঁটিয়ে তল্লাশি করা হবে। এরপর আয়োজকদের তরফে কিউআর কোড যাচাইয়ের পরই মিলবে প্রবেশের অনুমতি। দুই দলের সমর্থকদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থাও করা হয়েছে।
জলের বোতল, ছাতা-সহ বেশ কিছু সামগ্রী নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না। দর্শকদের জন্য মাঠের ভিতরেই জলের ব্যবস্থা থাকবে। সঙ্গে শুধুমাত্র মোবাইল ফোন রাখার অনুমতি দেওয়া হয়েছে। দুই দলের সমর্থকদের জন্য পৃথক পার্কিংয়ের ব্যবস্থাও থাকছে।
ডার্বির জেরে বারাসত শহরের যান চলাচলেও বিশেষ নিয়ন্ত্রণ জারি করা হচ্ছে। সোমবার দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে স্কুল ছুটির সময়ের কথা মাথায় রেখে স্টেডিয়ামের উল্টো দিকে থাকা স্কুলের পড়ুয়াদের নিরাপদে সরিয়ে দেওয়ার পরেই বিশেষ ট্র্যাফিক নিয়ন্ত্রণ কার্যকর হবে। স্টেডিয়ামের সামনে কোনওরকম জমায়েতও করতে দেওয়া হবে না।
অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই তৈরি করা হয়েছে গোটা নিরাপত্তা পরিকল্পনা। দুই দলের সমর্থকদের বসার জায়গা, ভিআইপি এলাকা এবং জরুরি পরিস্থিতিতে দর্শকদের দ্রুত বের করে আনার পৃথক পরিকল্পনা রয়েছে পুলিশের। দর্শকদের প্রবেশের জন্য থাকছে মোট চারটি গেট। জরুরি পরিস্থিতির জন্য আরও দু’টি গেট প্রস্তুত রাখা হবে। মাঠে প্রস্তুত থাকবে অ্যাম্বুল্যান্স ও চিকিৎসক-সহ চিকিৎসা দল।
নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি জানিয়ে ইতিমধ্যেই একটি মানচিত্র প্রকাশ করেছে জেলা পুলিশ। পাশাপাশি কোন কোন সামগ্রী নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ, তার তালিকাও জানানো হয়েছে। বারাসত স্টেডিয়ামে ম্যাচের জন্য প্রায় ১০ হাজার টিকিট রাখা হয়েছে। বিপুল দর্শক সমাগমের কথা মাথায় রেখে কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে আগাম সতর্ক পুলিশ প্রশাসন। দর্শকদের ট্র্যাফিক নিয়ম ও নিরাপত্তা বিধি মেনে শান্তিপূর্ণভাবে ডার্বি উপভোগ করার আবেদন জানিয়েছে পুলিশ।




