• facebook
  • twitter
  • youtube
Sunday, 6 September, 2026

ডেকার্স লেনে মাখা সন্দেশে ছত্রাক, খাদ্য দপ্তরের অভিযানে ফেলা গেল গামলা ভরা মিষ্টি

জনপ্রিয় সেই ডেকার্স লেনে খাদ্য নিরাপত্তা বিভাগের অভিযানের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া নষ্ট খাবার ও ছত্রাক ধরা মিষ্টি নিয়ে প্রশ্ন উঠছে দোকানগুলির খাদ্যের মান এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে।

ডেকার্স লেনে মাখা সন্দেশে ছত্রাক, খাদ্য দপ্তরের অভিযানে ফেলা গেল গামলা ভরা মিষ্টি

Photo: Statesman

কলকাতা-সহ বঙ্গে একাধিক জায়গায় খাবারের দোকানে হানা দিচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর ও পুর প্রশাসন। একাধিক দোকান ও রেস্তোঁরা থেকে ক্ষতিকর ও ভেজাল খাবারের হদিশ মিলছে। এবার সেই তালিকায় নাম লেখাল ডেকার্স লেন। শনিবার সেখানে হানা দিয়ে পুর-আধিকারিকরা একটি মিষ্টির দোকানের গুদাম থেকে ছাতাভরা মাখা সন্দেশ উদ্ধার করেন। সেই সঙ্গে দোকানের অনেক মিষ্টিও রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। শনিবার খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানের পর ডেকার্স লেনে চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিন ডেকার্স লেনে গিয়ে প্রতিটি দোকান থেকে পুর-আধিকারিকরা খাবারের নমুনা সংগ্রহ করে। মূলত খাবারের দোকানগুলিতে কোন ব্র্যান্ডের হলুদ গুঁড়ো ব্যবহার করা হচ্ছে, কী মানের মশলা ব্যবহার করা হচ্ছে, তা মেয়াদউত্তীর্ণ কি না। খাবারে কোন খাবারে কী রঙ ব্যবহার করা হচ্ছে, তাও যাচাই করা হয়। চপ-কাটলেটের মানও পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।

এদিন ডেকার্স লেনের একাধিক দোকানের গুদামেও আধিকারিকরা হানা দেন। একটি দোকানে খাবারের মান খারাপ হওয়ায় গামলা ভর্তি মিষ্টি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। এমনকী গুদামে রাখা সন্দেশেও ছত্রাকের হদিশ মেলে। খাদ্যদ্রব্যের গুণমান ও সংরক্ষণের পদ্ধতি খতিয়ে দেখেন আধিকারিকরা। সংগ্রহ করা হয় একাধিক খাবারের নমুনাও।

Food Safety Inspection At Dacres Lane
Photo: Statesman

দুপুর গড়াতেই অফিসযাত্রীদের ভিড়ে গমগম করে ডেকার্স লেন। এই রাস্তার বিভিন্ন দোকানে চপ-কাটলেট থেকে শুরু করে রোল, চাউমিন, স্যুপ, ভাত-খিচুড়ির-এর মতো নানা খাবার মেলে। জনপ্রিয় সেই ডেকার্স লেনে খাদ্য নিরাপত্তা বিভাগের অভিযানের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া নষ্ট খাবার ও ছত্রাক ধরা মিষ্টি নিয়ে প্রশ্ন উঠছে দোকানগুলির খাদ্যের মান এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে। অভিযান শেষে সংশ্লিষ্ট দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ছুটির দিনে বৃষ্টিস্নাত হবে মহানগরী! সপ্তাহের শুরুতে কী পূর্বাভাস উত্তর-দক্ষিণে?

উল্লেখ্য, শুক্রবার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা পার্ক স্ট্রিট ও পার্ক সার্কাসের কিছু দোকানে হানা দিয়েছিলেন। শনিবার ডেকার্স লেন, জোড়াবাগান ও লেক মল এলাকায় তিনটি দলে ভাগ হয়ে অভিযান চালান আধিকারিকেরা। বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করা প্রতিটি খাবারের নমুনা কলকাতা পুরসভার নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।