• facebook
  • twitter
  • youtube
Saturday, 5 September, 2026

অক্টোবরেই শুরু আইএসএল, ফিরছে প্লে-অফ, ক্লাব-নিয়ন্ত্রিত লিগে শিল্ডের সঙ্গে কাপ জয়েরও লড়াই

তবে এ দিনের এই সরকারি বিবৃতিতে যেমন বিস্তারিত ক্রীড়াসূচি, এমনকী কাপ ফাইনালের তারিখ ঘোষণা করা হয়নি, তেমনই লিগের

অক্টোবরেই শুরু আইএসএল, ফিরছে প্লে-অফ, ক্লাব-নিয়ন্ত্রিত লিগে শিল্ডের সঙ্গে কাপ জয়েরও লড়াই

ISL 2026-27 Photo-SNS

নতুন রূপে, নতুন ব্যবস্থাপনায় শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় লিগ। শনিবার ঘোষণা করা হল, ১০ অক্টোবর থেকে শুরু হবে ২০২৬-২৭ আইএসএল। চলবে ২০২৭-এর মে পর্যন্ত। দীর্ঘ আট মাসের এই প্রতিযোগিতায় হবে মোট ১৬৩টি ম্যাচ।

এ বার আইএসএলের পরিচালনায় বড় পরিবর্তন। ক্লাবগুলিই লিগের সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মূল ভূমিকা নেবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ‘ক্লাব-লেড’ মডেলে এগোবে দেশের এক নম্বর ফুটবল লিগ। লক্ষ্য একাধিক— লিগকে আরও প্রতিযোগিতামূলক করে তোলা, ভারতীয় ফুটবলারদের উপর বিনিয়োগ বাড়ানো এবং দেশের ফুটবলে আরও উন্নত পরিকাঠামো তৈরি করা।

মাঠের লড়াই অবশ্য পুরনো নিয়মেই হবে। হোম-অ্যাওয়ে ভিত্তিতে রাউন্ড-রবিন লিগ হবে। লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলই পাবে শিল্ডজয়ী-র মর্যাদা। নতুন ব্যবস্থায় এই শিল্ডকেই আইএসএলের সরকারি চ্যাম্পিয়ন হিসেবে গণ্য করা হবে এবং চ্যাম্পিয়নরা এশীয় প্রতিযোগিতায় খেলার সুযোগও পাবে।

তবে এখানেই শেষ নয়। নতুন মরসুমে ফিরছে আইএসএলের বহু প্রতীক্ষিত প্লে-অফ ফরম্যাটও। লিগ পর্বের সেরা ছয় দল মুখোমুখি হবে প্লে-অফে। সেখান থেকে নির্ধারিত হবে আইএসএল কাপ চ্যাম্পিয়ন। অর্থাৎ এ বার শিল্ড এবং কাপ— দুই ট্রফির জন্যই আলাদা লড়াই দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা।

এই মুহূর্তে ১৩টি দলের অংশগ্রহণের কথা ঘোষণা করা হয়েছে। বেঙ্গালুরু এফসি, চেন্নাইন এফসি, চার্চিল ব্রাদার্স এফসি, ইস্টবেঙ্গল এফসি, এফসি গোয়া, ইন্টার কাশি, কেরালা ব্লাস্টার্স, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি, পঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি। তবে চার্চিল ব্রাদার্সের অংশগ্রহণ এখনও নিয়ামক সংস্থার অনুমোদনের উপর নির্ভর করছে।

এ দিকে আইএসএলে প্রোমোশন পেয়েও নতুন মরসুমে খেলতে পারছে না ডায়মন্ড হারবার এফসি। ২০২৫-২৬ আই লিগ (আইএফএল) জিতে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। কিন্তু ২০২৬-২৭ মরসুমের জন্য পার্টিসিপেশন ফি দেওয়ার শর্ত পূরণ করতে পারেনি ক্লাবটি। ফলে আইএসএলে তাদের রাখা হয়নি।

প্রোমোশন-রেলিগেশনের নিয়ম অনুযায়ী ডায়মন্ড হারবারের জন্য রয়েছে আরও বড় ধাক্কা। স্বাভাবিক ভাবেই এই মরসুমে তারা কোনও পয়েন্ট অর্জন করতে পারবে না এবং নিয়ম অনুযায়ী পয়েন্ট তালিকার একেবারে নীচে থাকবে। ফলে ২০২৭-২৮ মরসুমে আর আইএসএলে খেলার মর্যাদাও থাকবে না তাদের। সেই মরসুমে আইএফএলেই ফিরতে হবে ডায়মন্ড হারবারকে। আগামী মরসুমে সেই লিগে খেলতে পারবে তারা। অর্থাৎ, ভারতীয় ফুটবলে তাদের ফিরে আসার রাস্তা খোলা রাখা হল।

তবে এ দিনের এই সরকারি বিবৃতিতে যেমন বিস্তারিত ক্রীড়াসূচি, এমনকী কাপ ফাইনালের তারিখ ঘোষণা করা হয়নি, তেমনই লিগের সম্প্রচার সংক্রান্ত কোনো সিদ্ধান্তের কথাও জানানো হয়নি। দুটি বিষয়ই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত বলেই বোধহয় এই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

অর্থাৎ, অক্টোবরে, পুজোর ঠিক আগেই শুরু হচ্ছে বাঙালির ত্রয়োদশ পার্বন আইএসএল, যেখানে হয়তো দেখা যাবে বড়সড় পরিবর্তনের ছাপ।