• facebook
  • twitter
  • youtube
Friday, 4 September, 2026

পাকিস্তানকে নিয়ে বাড়তি চিন্তা নেই, এক ধাপ এগিয়েই নামবে ভারত, শনিবারের মহারণের আগে আত্মবিশ্বাসী দীপ্তি

প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচের নামেই উত্তেজনা তুঙ্গে। কিন্তু ভারতীয় শিবিরে সেই চাপের ছিটেফোঁটাও নেই! বরং পাকিস্তানের বিরুদ্ধে

পাকিস্তানকে নিয়ে বাড়তি চিন্তা নেই, এক ধাপ এগিয়েই নামবে ভারত, শনিবারের মহারণের আগে আত্মবিশ্বাসী দীপ্তি

PIC-X

প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচের নামেই উত্তেজনা তুঙ্গে। কিন্তু ভারতীয় শিবিরে সেই চাপের ছিটেফোঁটাও নেই! বরং পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা। তাঁর সাফ কথা, সাম্প্রতিক দ্বৈরথে পাকিস্তানের থেকে সব সময়ই এক ধাপ এগিয়ে থেকেছে ভারত। শনিবার দুবাইয়েও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান তাঁরা।

মহিলা এশিয়া কাপে ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে হরমনপ্রীত কৌরের ভারত। গ্রুপ এ-তে থাইল্যান্ড ও হংকংকে পর পর বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে রয়েছে তারা। ফলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি নকআউটে ওঠার লড়াই নয়, বরং সেমিফাইনালের আগে আরো ভালো প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগ।

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারত কোনও বাড়তি সুবিধার পাওয়ার কথা ভাবছে না, জানালেন দীপ্তি। তবে পরিসংখ্যান এবং তাদের সাম্প্রতিক সাফল্য যে আত্মবিশ্বাস জোগাচ্ছে, তা মেনে নিতে দ্বিধা নেই তাঁর। সাংবাদিকদের দীপ্তি বলেন, ‘এখানে আলাদা করে কোনও সুবিধার কথা বলব না। তবে এশিয়া কাপ হোক বা অন্য কোনও ম্যাচ— পাকিস্তানের বিরুদ্ধে আমরা যত বার জিতেছি, তত বারই ওদের থেকে এক ধাপ এগিয়ে থেকেছি। ব্যস, এটুকুই’।

ভারতের আসল শক্তি অবশ্য দলের ভারসাম্য। ব্যাটিং এবং বোলিং— দুই বিভাগেই এখন ছন্দে রয়েছে দল। দীপ্তি বলেন, ‘পুরো দলই ভাল খেলছে। বোলিং এবং ব্যাটিং—দুই বিভাগেই ভারসাম্য রয়েছে। যে ক্রিকেটারের দিন ভাল যাবে, সে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর বাকিরা ইতিবাচক থেকে তাকে সাহায্য করবে, যাতে সে নিজের খেলাটা আরও ভাল ভাবে খেলতে পারে’।

তাই বলে পাকিস্তানকে কোনোভাবেই খাটো করে দেখছেন না দীপ্তি। পাকিস্তানের বোলিং নিয়েও যথেষ্ট শ্রদ্ধা রয়েছে তাঁর। তবে প্রতিপক্ষের দিকে তাকিয়ে নিজেদের পরিকল্পনা বদলানোর কোনও ইচ্ছে নেই ভারতীয় অলরাউন্ডারের। বলেন, ‘আমাদের দলও ভাল, ওদের বোলাররাও ভাল। সেটা আমরা জানি। কিন্তু আমরা নিজেদের শক্তির উপরেই বেশি জোর দিই। আমরা ভাল ক্রিকেট খেলতে চাই, সেটাই আমাদের লক্ষ্য’।

দীপ্তির নিজের পারফরম্যান্সও নজর কাড়ার মতো। প্রথম দু’টি ম্যাচে মাত্র ন’ রান দিয়ে ছ’টি উইকেট নিয়েছেন তিনি। ভারতীয় দলের বোলিং আক্রমণের অন্যতম বড় ভরসা হয়ে উঠেছেন এই অলরাউন্ডার। পাকিস্তানের বিরুদ্ধে সেই ছন্দই ধরে রাখতে চান তিনি। ‘আমরা শুধু ভাল ক্রিকেট খেলতে চাই। ব্যাটিং হোক বা বোলিং—দুই বিভাগেই দলকে ততটাই জমাট রাখতে হবে, যতটা আমরা প্রথম দু’টি ম্যাচে ছিলাম। মানসিকতাও সেটাই,’ বলেছেন দীপ্তি।

তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় একাদশে কোনও পরিবর্তন হবে কি না, সেই প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি। তাঁর সংক্ষিপ্ত জবাব, ‘এটা তো টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত’।

দীপ্তির প্রশংসা থেকে বাদ গেলেন না দলের দুই তরুণ স্পিনার শ্রেয়া চারণী ও প্রেমা রাওয়াতও। বাঁহাতি স্পিনার চারণীর পারফরম্যান্সে মুগ্ধ দীপ্তি। বলেছেন, “চারণী খুব ভাল প্রতিভা। ও এখন র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে। গত এক বছরে খুব ভাল খেলেছে। ও যেভাবে বল ঘোরায়, তা অবিশ্বাস্য। কোনও ব্যাটারের পক্ষেই ওকে খেলা সহজ নয়’।

প্রেমার ক্ষেত্রেও একই রকম আশাবাদী তিনি। ‘প্রেমার এখনও খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়নি। কিন্তু যখনই বল করার সুযোগ পেয়েছে, ও সব সময় এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করেছে। ওর মানসিকতাটা এমন— দলের জন্য আমাকে উইকেট এনে দিতেই হবে,’ বলেছেন দীপ্তি।

প্রথম দুই ম্যাচে চারণীর ঝুলিতে চার উইকেট, প্রেমার দু’টি। সিনিয়র হিসাবে তাঁদের পাশে থাকার চেষ্টাও করছেন দীপ্তি। তাঁর কথায়, ‘মাঠে এবং নেটে যতটা সম্ভব ওদের সাহায্য করার চেষ্টা করি। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিই। সিনিয়র ক্রিকেটার হিসাবে যতটা পারি, ওদের সাহায্য করাই আমার দায়িত্ব’।

শনিবার তাই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের লক্ষ্য শুধু আর একটি জয় নয়, সেমিফাইনালের আগে দলের ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্য আরও এক বার পরখ করে নেওয়া। আর দীপ্তির কথা অনুযায়ী, পাকিস্তানকে নিয়ে কোনো আতঙ্ক নেই, বরং নিজেদের উপর আস্থা রেখে মাঠে নামবে ভারত।