• facebook
  • twitter
  • youtube
Wednesday, 2 September, 2026

বেঙ্গালুরু থেকে মালদায় ৩১ বাংলাদেশি, পুশব্যাকের প্রস্তুতি পুলিশের

 অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেঙ্গালুরু থেকে ৩১ জন বাংলাদেশি নাগরিককে মালদায় নিয়ে এল কর্ণাটক পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরু-হাওড়া

বেঙ্গালুরু থেকে মালদায় ৩১ বাংলাদেশি, পুশব্যাকের প্রস্তুতি পুলিশের

প্রতীকী চিত্র

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেঙ্গালুরু থেকে ৩১ জন বাংলাদেশি নাগরিককে মালদায় নিয়ে এল কর্ণাটক পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে তাঁদের মালদা টাউন স্টেশনে নামানো হয়। নিরাপত্তার জন্য ট্রেনের নির্ধারিত কামরায় প্রায় ২০ জন পুলিশকর্মী মোতায়েন ছিলেন। পরে দু’টি বাসে করে তাঁদের মালদা শহর সংলগ্ন হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুর ১০টি থানা এলাকা থেকে ওই ৩১ জনকে আটক করা হয়েছিল। তাঁদের কাছে বৈধ নথিপত্র ছিল না বলে অভিযোগ। বেআইনিভাবে ভারতে প্রবেশের পর তাঁরা বেঙ্গালুরুতে বিভিন্ন কাজ করতেন বলে দাবি পুলিশের। প্রায় তিন মাস আগে তাঁদের আটক করে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। গত রবিবার তাঁদের বেঙ্গালুরুর এসএমভিটি স্টেশন থেকে ট্রেনে করে মালদায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছয়। সেখান থেকে রাতেই তাঁদের হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সকাল থেকে ওই এলাকায় পুলিশের তৎপরতা বাড়ে। স্থানীয় বাসিন্দাদেরও কেন্দ্রের কাছে যেতে দেওয়া হয়নি। চিকিৎসকের আসার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

আটক বাংলাদেশি নাগরিকদের কয়েকজনের দাবি, তাঁরা কয়েক মাস আগে কাজের সন্ধানে ভারতে এসেছিলেন। তাঁদের বেশিরভাগই বেঙ্গালুরুতে সাফাইকর্মী হিসেবে কাজ করতেন। তাঁদের মধ্যে ফারু শেখ নামে এক ব্যক্তি দাবি করেন, তিনি বাংলাদেশের বগুড়া জেলা থেকে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন।

মালদা জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বেঙ্গালুরু থেকে ৩১ জন বাংলাদেশি নাগরিককে মালদায় এনে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশিকা অনুযায়ী তাঁদের পুশব্যাকের ব্যবস্থা করা হবে। ধাপে ধাপে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানা গিয়েছে।