• facebook
  • twitter
  • youtube
Wednesday, 2 September, 2026

এবার রদবদল দমকলে, নিউ মার্কেট-তারাপীঠে অগ্নিকাণ্ডের জের, নতুন দায়িত্বে কে?

দমকলের নানা বিভাগ মিলিয়ে মোট ১৭ জন ডিভিশনাল ফায়ার অফিসারকে বদলি করা হয়েছে। তার মধ্যে বদল হয়েছে দক্ষিণ কলকাতা

এবার রদবদল দমকলে, নিউ মার্কেট-তারাপীঠে অগ্নিকাণ্ডের জের, নতুন দায়িত্বে কে?

Fire Service Photo-ANI

দমকল বিভাগে এবার রদবদল করা হলো। আর এই রদবদলের পরই দেখা গেল, যাঁদের পদ থেকে সরে যেতে হলো তাঁদের দায়িত্বে ছিল নিউ মার্কেট এবং তারাপীঠ এলাকা। তাঁরা পদে থাকাকালীনই এই দুই জায়গায় বিধ্বংসী আগুন লেগেছিল। এমনকী প্রচুর মানুষ মারা গিয়েছে। তারপরই এই বদলি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বদলি করা হলো দক্ষিণ কলকাতা বিভাগের ডিভিশনাল ফায়ার অফিসারকে। নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে যে হোটেলে আগুন লেগেছিল সেটা দমকলের দক্ষিণ কলকাতা জোনের মধ্যেই পড়ে। বদলি করা হয়েছে দমকলের বীরভূম বিভাগের ডিভিশনাল ফায়ার অফিসারকেও। এই বিভাগের অধীনে পড়ে তারাপীঠ। সেখানের হোটেলেও আগুন লেগেছিল।

তবে এখানে একটা চমক আছে। নতুন দায়িত্ব পেলেন কে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে। এই বদলির পর দেখা গেল, ক্যামাক স্ট্রিটে ফায়ার অডিটের সময়ে দমকলের টিমকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ক্যামাক স্ট্রিটে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। সেখানে ফায়ার অডিট করা হয়েছে। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। তাঁর বক্তব্যে উঠে এসেছিল, সঠিকভাবে ফায়ার অডিট করা হলে নিউ মার্কেট, তারাপীঠ, আলিপুরে আগুন লাগত না। আর মানুষও মারা যেত না। অভিষেকের অভিযোগের পরই এই রদবদল হওয়ায় চর্চাও শুরু হয়েছে। যদিও অগ্নিকাণ্ডে তৎপরতা দেখাতে না পারার জন্যই কোপ পড়ল এই দু’জনের উপর বলে জানা যাচ্ছে।

দমকলের নানা বিভাগ মিলিয়ে মোট ১৭ জন ডিভিশনাল ফায়ার অফিসারকে বদলি করা হয়েছে। তার মধ্যে বদল হয়েছে দক্ষিণ কলকাতা ডিভিশনে। এই ডিভিশনের ডিভিশনাল ফায়ার অফিসার পদে ছিলেন শুভঙ্কর ঘোষ। তাঁকে বদলি করে ওই পদে আনা হচ্ছে নীহাররঞ্জন রায়কে। তিনি উত্তর ২৪ পরগনার ডিভিশনাল ফায়ার অফিসার ছিলেন। বীরভূম ডিভিশনেও বদল করা হয়েছে ডিভিশনাল ফায়ার অফিসারকে। আর সেখানে ডিভিশনাল ফায়ার অফিসার ছিলেন অরিন্দম দেবনাথ। তাঁকে এবার বাঁকুড়া ডিভিশনের ডিভিশনাল ফায়ার অফিসার করা হয়েছে। বীরভূম বিভাগের নতুন ডিভিশনাল ফায়ার অফিসার করা হয়েছে শ্যামসুন্দর দে-কে। তিনি ছিলেন বাঁকুড়া ডিভিশনের ডিভিশনাল ফায়ার অফিসার।

তাছাড়া প্রশাসন এটাকে রুটিন বদলি বলে জানালেও চমক দেখা গিয়েছে। ৯, ক্যামাক স্ট্রিটের ঠিকানায় অভিযান চালিয়েছিল দমকল। সেখানেই আছে অভিষেকের অফিস। ওই ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক আছে কিনা, কোথাও কোনও ত্রুটি আছে কিনা, সেটা খতিয়ে দেখেন দমকলের অফিসাররা। ক্যামাক স্ট্রিটের ওই ঠিকানায় ফায়ার অডিটের নেতৃত্বে ছিলেন ডিএফও সরোজকুমার বাগ। তিনি এতদিন ফায়ার প্রিভেনশন-১-এর ডিভিশনাল ফায়ার অফিসার ছিলেন। এবার তাঁকে উত্তর কলকাতা বিভাগের ডিভিশনাল ফায়ার অফিসার করা হয়েছে। এটা কি পুরষ্কার? উঠছে প্রশ্ন।