• facebook
  • twitter
  • youtube
Friday, 28 August, 2026

আমেরিকায় ৯/১১ সন্ত্রাসের ২৭ বছর পরে শুরু হবে মূলচক্রী খালিদের বিচার 

সামরিক আদালতের বিচারক লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এ স্ক্রামা আরও সময় দিয়েছেন। এর আগে ২০২১ সালেও বিচার শুরুর দিন ঠিক হয়েছিল। কিন্তু আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।

আমেরিকায় ৯/১১ সন্ত্রাসের ২৭ বছর পরে শুরু হবে মূলচক্রী খালিদের বিচার 

Photo: BBC

আমেরিকায় ৯/১১ সন্ত্রাসবাদী হামলার ২৫ বছর পূর্তির আগে নতুন করে সামনে এল সেই মামলার দীর্ঘ আইনি জটিলতা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসের অন্যতম মূলচক্রী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মহম্মদ এবং তাঁর ৩ সহযোগীর বিচার শুরু হবে ২০২৮ সালের ৫ জুন। কিউবার গুয়ান্তানামো বে-র মার্কিন সামরিক আদালতে তাঁদের বিচার হওয়ার কথা।

খালিদের সঙ্গে বিচার হবে ওয়ালিদ বিন আতাশ, আলি আবদুল আজিজ আলি এবং মোস্তফা আল-হাওসাওয়ির। ৯/১১ হামলায় নিহত হন প্রায় ৩ হাজার মানুষ। অভিযোগ, ওই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল খালিদ শেখের। ২০০৩ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে তাঁকে গ্রেপ্তার করে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। প্রথমে তাঁকে গোপন জেলে রাখা হয়। ২০০৬ সালে তাঁকে গুয়ান্তানামো বে-তে স্থানান্তরিত করা হয়।

দুই দশকেরও বেশি সময় ধরে এই মামলার বিচার শুরু করা যায়নি। সরকারি কৌঁসুলিরা ২০২৭ সালের জানুয়ারিতে বিচার শুরুর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মামলা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন আইনি প্রশ্ন এবং কোন কোন সাক্ষ্য-প্রমাণ আদালতে গ্রহণ করা হবে তা নিয়ে এখনও জটিলতা রয়ে গিয়েছে। সেই কারণেই সামরিক আদালতের বিচারক লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এ স্ক্রামা আরও সময় দিয়েছেন। এর আগে ২০২১ সালেও বিচার শুরুর দিন ঠিক হয়েছিল। কিন্তু আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।

আরও পড়ুন: চুল ধরে টেনে মৃতদেহ থেকে খোলা হচ্ছে কানের দুল, নেপালে ভয়াবহ চিত্র, গ্রেপ্তার ২

খালিদের বিরুদ্ধে ৯/১১ হামলায় নিহত ২ হাজার ৯৭৭ জনের হত্যার অভিযোগ-সহ একাধিক অভিযোগ রয়েছে। হামলায় নিজের ভূমিকার কথাও তিনি আগেই স্বীকার করেছিলেন। ২০১৭ সালে লেখা এক চিঠিতে খালিদ জানিয়েছিলেন, যাবজ্জীবন জেল হলে সেখানেই জীবন কাটাবেন, আর মৃত্যুদণ্ড হলে ঈশ্বরের কাছে যাবেন।