• facebook
  • twitter
  • youtube
Friday, 28 August, 2026

‘কোনও একটি দল নয়, নজর শুধু ক্রিকেটে’, এশিয়া কাপের আগে পাকিস্তান নিয়ে চাপ নিতে নারাজ হরমনপ্রীত

এশিয়া কাপে দর্শকদের উপস্থিতি নিয়েও আশাবাদী হরমনপ্রীত। ২০২৪ সালে দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারি ভর্তি থাকার স্মৃতি

‘কোনও একটি দল নয়, নজর শুধু ক্রিকেটে’, এশিয়া কাপের আগে পাকিস্তান নিয়ে চাপ নিতে নারাজ হরমনপ্রীত

Harmanpreet Kaur Photo-ANI

এশিয়া কাপের মঞ্চে পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা থাকবেই। কিন্তু সেই উত্তেজনার আঁচ নিজেদের ড্রেসিংরুমে ঢুকতে দিতে নারাজ ভারতীয় মহিলা ক্রিকেট দল।

টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক হরমনপ্রীত কৌরের স্পষ্ট বার্তা—কোনও একটি প্রতিপক্ষকে আলাদা করে গুরুত্ব নয়, নজর থাকবে নিজেদের ক্রিকেটে। এশিয়ার বাকি দলগুলিও গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে বলে মনে করছেন ভারত অধিনায়ক।

মহিলা টি-২০ এশিয়া কাপ শুরু হচ্ছে শুক্রবার। ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে ৩০ অগস্ট থাইল্যান্ডের বিরুদ্ধে। তার পরে ৩ সেপ্টেম্বর হংকং চিন এবং ৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। পাকিস্তান ম্যাচ নিয়ে স্বাভাবিক ভাবেই আলাদা আগ্রহ থাকলেও হরমনপ্রীত সেই ম্যাচকে অন্যগুলির চেয়ে বেশি গুরুত্ব দিতে নারাজ।

তিনি বলেন, ‘আমরা কোনও একটি দলের দিকে আলাদা করে নজর দিচ্ছি না। প্রতিটি দলই ভাল খেলছে। আমাদের লক্ষ্য ভাল ক্রিকেট খেলা এবং কোনও দলকেই সহজ ভাবে না নেওয়া। আমাদের মূল লক্ষ্য ক্রিকেট খেলা। ম্যাচের বাইরের কোনও বিষয়কে গুরুত্ব দিতে চাই না।’

বরং এশিয়া কাপকে নিজেদের পরীক্ষা নেওয়ার মঞ্চ হিসাবেই দেখছেন হরমনপ্রীত। তাঁর কথায়, ‘এশিয়া কাপ এমন একটা মঞ্চ, যেখানে নিজেদের পরীক্ষা করা যায়। দলের কাছে যে প্রত্যাশা রয়েছে, সেই মানে খেলতে গিয়ে নিজেদের প্রচণ্ড চাপের মধ্যে ফেলাও যায়।’

ভারতীয় অধিনায়কের মতে, এশিয়ার মহিলা ক্রিকেটে গত দু’-তিন বছরে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাই কোনও ম্যাচই সহজ হবে না। হরমনপ্রীত বলেন, ‘এই প্রতিযোগিতা আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। গত দু’-তিন বছরে সব দলই অনেক উন্নতি করেছে। ওদের বিরুদ্ধে খেললেই বোঝা যায়, কোনও কিছুই সহজে পাওয়া যাচ্ছে না। এই প্রতিযোগিতা খুব কঠিন হতে চলেছে। তবে আমাদের অভিজ্ঞতা কাজে দেবে।’

সাম্প্রতিক টি-২০ ম্যাচগুলির অভিজ্ঞতাকেও কাজে লাগাতে চান ভারত অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এশিয়া কাপ ভারতীয় দলের কাছে ঘুরে দাঁড়ানোর সুযোগও। হরমনপ্রীত বলেন, ‘আগের ম্যাচগুলি থেকে আমরা যে অভিজ্ঞতা পেয়েছি, তা এ বার কাজে লাগবে। আশা করি নিজেদের সেরা ক্রিকেট খেলব এবং ক্রিকেট উপভোগ করব।’

দুবাইয়ের গরম ও আর্দ্র পরিবেশও ভারতের প্রস্তুতির অন্যতম বিষয়। হরমনপ্রীত জানিয়েছেন, অনুশীলন এবং প্রথম ম্যাচের আগে অন্য দলগুলির ম্যাচ দেখে পরিস্থিতি সম্পর্কে ধারণা তৈরি করবে ভারত। তাঁর কথায়, ‘আমরা বুধবারই এখানে পৌঁছেছি। এখনও মাঠ দেখিনি। শুক্রবার অনুশীলনে গিয়ে পরিস্থিতি বুঝব। তার আগে দু’টি দল খেলবে, ফলে মাঠ এবং পরিবেশ সম্পর্কে অনেক কিছু দেখার সুযোগ পাব। তার পরেই পরিকল্পনা তৈরি করব।’

এশিয়া কাপে দর্শকদের উপস্থিতি নিয়েও আশাবাদী হরমনপ্রীত। ২০২৪ সালে দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারি ভর্তি থাকার স্মৃতি টেনে তিনি বলেন, ‘এক জন ক্রিকেটার হিসাবে আমরা সব সময় গ্যালারি ভর্তি দেখতে চাই। সমর্থকেরা এসে আমাদের উৎসাহ দিন, সেটাই চাই। আশা করি এশিয়া কাপেও একই রকম ভর্তি গ্যালারি দেখতে পাব।’

এ বার এশিয়া কাপে আটটি দল খেলছে—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, থাইল্যান্ড, হংকং চিন এবং ইন্দোনেশিয়া। ১৩ সেপ্টেম্বর হবে ফাইনাল। ভারত শেষ বার ২০২৪ সালের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল। এ বার তাই কাপ পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে হরমনপ্রীতের দল।

হরমনপ্রীতের বার্তা পরিষ্কার—পাকিস্তান হোক বা অন্য কোনও দল, বাইরের উত্তেজনা নয়; ‘টানেল ভিশন’-এ শুধু ক্রিকেটেই চোখ।