• facebook
  • twitter
  • youtube
Thursday, 27 August, 2026

খিদিরপুরকে হারিয়ে সুপার সিক্সে জায়গা পাকা লাল-হলুদ ব্রিগেডের

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল কার্যত সুপার সিক্সে পৌঁছে গেল। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল খিদিরপুর ক্লাবের বিরুদ্ধে।

খিদিরপুরকে হারিয়ে সুপার সিক্সে জায়গা পাকা লাল-হলুদ ব্রিগেডের

PIC- X

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল কার্যত সুপার সিক্সে পৌঁছে গেল। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল খিদিরপুর ক্লাবের বিরুদ্ধে। খিদিরপুরের কোচ এই মুহূর্তে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। ইস্টবেঙ্গল ২-০ গোলে হারিয়ে দিল খিদিরপুর ক্লাবকে। একটা সময় এই খিদিরপুর ক্লাব ইস্টবেঙ্গলের কাছে আতঙ্ক ছিল। লাল-হলুদ ব্রিগেড খিদিরপুরের বিরুদ্ধে লড়াই করতে নেমে অনেকবারই যেমন হোঁচট খেয়েছে, তেমনই আবার হারের মুখেও পড়েছে। অবশ্য সেই সময় খিদিরপুর ক্লাবে একঝাঁক প্রতিভাবান ফুটবলার ছিলেন। পাশাপাশি কর্ণধার বলতেই কলকাতা ময়দানে দাপুটে ভূতনাথ বিশ্বাস পুরো দলটাকে তৈরি করতেন। শুধু তাই নয়, খিদিরপুর ক্লাবের কোচ ছিলেন অচ্যুত ব্যানার্জি। সব মিলিয়ে বলতে পারা যায়, খিদিরপুর ক্লাব থেকে বেশকিছু ফুটবলার শুধু কলকাতা ময়দানে দাপট দেখিয়েছেন তাই নয়, ভারতীয় দলে জায়গা করে নিয়ে আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছে। সেই খিদিরপুর আর নেই। তবুও খিদিরপুর ক্লাবের প্রতি সবারই একটা আগ্রহ আছে। তাই এদিন ইস্টবেঙ্গল ও খিদিরপুরের ম্যাচ দেখতে কিছু দর্শক মাঠে এসেছিলেন।

 খেলার শুরু থেকেই ইস্টবেঙ্গলের ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন। ১০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল প্রথম গোলের সুযোগ হাতছাড়া করে। ২৭ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বল টেনে নিয়ে আকাশ হেমব্রম জোরালো শটে গোল করতে ভুল করেননি। এগিয়ে থাকা ইস্টবেঙ্গলের ফুটবলাররা আক্রমণ থেকে কখনওই পিছিয়ে থাকেননি। তবে খিদিরপুরের ফুটবলাররা সেইভাবে আক্রমণ গড়ে তুলে খেলায় সমতা ফিরিয়ে আনতে চেষ্টা করেননি। খেলার ৬৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ান  মহম্মদ বিলাল। খেলার শেষ মুহূর্তে লাল-হলুদ শিবির পেনাল্টি পেয়েছিল। রবি দাস পেনাল্টি শুটআউট করেন। খিদিরপুরের গোলরক্ষক অর্নেন্দু দত্ত তা প্রতিহত করেন। কিন্তু সেই বলটি ফেরত আসলে রবি আবার গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন।

ইস্টবেঙ্গল এই মুহূর্তে খুব ভালো জায়গায় রয়েছে। কয়েকদিন আগেই ডুরান্ড কাপ ফুটবলে যেমন চ্যাম্পিয়ন হয়েছে, তেমনই আবার এসিএল ২ ফুটবলে আল আরবি দলকে হারিয়ে  মূল পর্বে পৌঁছে গিয়েছে। আবার ইস্টবেঙ্গলের মেয়েরাও এশিয় মঞ্চে দাপটের সঙ্গে খেলছে। এককথায় বলা যায়, ইস্টবেঙ্গলের জয়ের রথ ছুটে চলেছে।