এক সময় ভারতীয় ক্রিকেটে তাঁদের জুটি ছিল অত্যন্ত পরিচিত। এক জন ছিলেন ‘দ্য ওয়াল’, অন্য জন বিস্ফোরক ওপেনার। রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র শেহওয়াগের সেই জুটির স্মৃতি এ বার ফিরতে চলেছে অন্য রূপে। তবে এ বার মাঠে নামবেন তাঁদের ছেলেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন অনূর্ধ্ব-১৯ সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পেলেন অন্বয় দ্রাবিড় এবং আর্যবীর শেহওয়াগ।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ভারত সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআইয়ের জুনিয়র নির্বাচক কমিটি। সফরে তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি লাল বলের ম্যাচ খেলবে দুই দল। শুরু ১৮ সেপ্টেম্বর থেকে। অন্বয় এবং আর্যবীর দু’জনেই জায়গা পেয়েছেন এক দিনের দলে। তবে লাল বলের ম্যাচের দলে তাঁদের রাখা হয়নি।
অন্বয় উইকেটকিপার-ব্যাটার। এর আগেও ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন তিনি। চলতি বছর শ্রীলঙ্কা সফরের এক দিনের দলেও জায়গা পেয়েছিলেন দ্রাবিড়-পুত্র। অন্য দিকে, আর্যবীরও ধীরে ধীরে বয়সভিত্তিক ক্রিকেটে নিজের জায়গা তৈরি করছেন। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একই দলে দুই কিংবদন্তির ছেলেকে দেখা নিয়ে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
মজার বিষয়, দ্রাবিড় এবং শেহওয়াগের আন্তর্জাতিক ক্রিকেটজীবনের একটা বড় অংশ কেটেছে একই সাজঘরে। ভারতীয় দলের হয়ে একসঙ্গে বহু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন তাঁরা। সেই প্রজন্মের উত্তরসূরী হিসাবে এ বার অন্বয় ও আর্যবীরকে একই ভারতীয় দলে দেখা যাবে। যেন দ্রাবিড়-শেহওয়াগ জুটির ‘জেন জি’ সংস্করণ!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচই হবে রাজকোটে। প্রথম চার দিনের ম্যাচটিও রাজকোটে, দ্বিতীয়টি হবে আমদাবাদে। ভারতীয় অনূর্ধ্ব-১৯ এক দিনের দলের অধিনায়ক লক্ষ্মী রাইচন্দানি, সহ-অধিনায়ক যশবর্ধন চৌহান। দলে অন্বয় ও আর্যবীরের পাশাপাশি রয়েছেন রাজত বাঘেল, কুশাগ্র ওঝা, অরুণ রাজপুত, শিবিন বিনোদ, মোহিত উলভা-সহ এক ঝাঁক প্রতিভাবান ক্রিকেটার।
শ্রীলঙ্কা সফরে নজর কাড়া গোয়ার অলরাউন্ডার চিগুরুপতি ভেঙ্কটাও এক দিনের দলে জায়গা পেয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের অনূর্ধ্ব-১৯ বহুদিনের ম্যাচে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। এ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকেও বড় ভূমিকা নিতে দেখা যেতে পারে।
তবে সব নজর যে থাকবে অন্বয় ও আর্যবীরের দিকে, তা বলাই যায়। বাবারা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজেদের জায়গা তৈরি করেছেন। এ বার ছেলেদের সামনে নতুন চ্যালেঞ্জ—বাবাদের ছায়া টপকে নিজেদের পরিচয় তৈরি করা। বাংলার দুই ক্রিকেটার রোহিত যাদব ও অভিপ্রায় বিশ্বাসও এই দলে রয়েছেন। রোহিত দুই দলেরই সদস্য। অভিপ্রায় আছেন চার দিনের ম্যাচের দলে।




