• facebook
  • twitter
  • youtube
Wednesday, 26 August, 2026

অ্যাপ মোটরবাইকে বাড়ি ফেরার পথেই লরির ধাক্কা ভিআইপি রোডে, বৃদ্ধের মৃত্যুতে পথ অবরোধ

বাগুইআটি থানার পুলিশ বাহিনী পৌঁছালে তাঁদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। তা থেকেই ইটবৃষ্টি শুরু হয়

অ্যাপ মোটরবাইকে বাড়ি ফেরার পথেই লরির ধাক্কা ভিআইপি রোডে, বৃদ্ধের মৃত্যুতে পথ অবরোধ

Old Man Death Photo-Representative

ভিআইপি রোডে আবার একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বেশি রাতে কেষ্টপুর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল। একটি অ্যাপ মোটরবাইকে করে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে আসা একটি লরির সজোরে ধাক্কায় প্রাণ হারালেন ৬৫ বছরের বৃদ্ধ। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মোটরবাইক চালক। এই ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ব্যারিকেড ও গার্ডরেল ফেলে দিয়ে পথ অবরোধ করেন। এমনকী পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। কেষ্টপুরের ভিআইপি রোডে এমন পথ দুর্ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধের নাম রাজা রথি (৬৫)। মঙ্গলবার বেশি রাতে অ্যাপ মোটরবাইকে করে বড়বাজার থেকে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ। তাঁর বাড়ি নারায়ণতলা এলাকা। উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্টগামী ফ্ল্যাঙ্কে একটি লরি রাস্তায় থাকা একটি গার্ডরেলকে পাশ কাটিয়ে এগোতে গিয়েই মোটরবাইকের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটবাইকের পিছনের আসনে বসে থাকা বৃদ্ধ রাজা রথির। দ্রুতগামী লরি ওই মোটরবাইকে সজোরে ধাক্কা মারলে বিকট শব্দ হয়। চালক এবং আরোহী রাস্তায় ছিটকে পড়ে যান। আর ঘটনাস্থলেই প্রাণ হারান রাজা রথি। আশঙ্কাজনক অ্যাপ মোটরবাইক চালক শিবেশ ঝাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই পথ দুর্ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে কেষ্টপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা ভিআইপি রোড অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে সেখানে বাগুইআটি থানার পুলিশ আসলে প্রথমে পুলিশকে দেখেও ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেধে যায় বাসিন্দাদের। এই পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। পুলিশের হস্তক্ষেপেই দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে খবর। বাসিন্দাদের প্রথমে বোঝাতে চেষ্টা করেন পুলিশ অফিসাররা। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। তাই বাধ্য হয়েই জোর করে সরিয়ে দেওয়া হয় উত্তেজিত জনতাকে।

তাছাড়া স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভিআইপি রোডের এই অংশে রোজই এমন পথ দুর্ঘটনা ঘটে চলেছে। রাস্তায় অপরিকল্পিতভাবে বসানো ব্যারিকেড এবং গার্ডরেলের জেরেই বারবার এই বিপর্যয় ঘটছে। পুলিশ প্রশাসনের প্রতি অসন্তোষ প্রকাশ করে সব গার্ডরেল ফেলে দেন বাসিন্দারা এবং পথ অবরোধ করেন। বাগুইআটি থানার পুলিশ বাহিনী পৌঁছালে তাঁদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। তা থেকেই ইটবৃষ্টি শুরু হয়। পথ দুর্ঘটনার জেরে ভিআইপি রোডে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। এই পথ দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।