• facebook
  • twitter
  • youtube
Wednesday, 26 August, 2026

ফলো-অন করিয়ে শ্রীলঙ্কাকে ফের ব্যাট করতে পাঠাল ভারত, দ্বিতীয় ইনিংসেও শুরুতেই ধাক্কা সিরাজ, জাদেজার

ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছিলেন, পন্থের চোটের জায়গাটি বেশ ফুলে রয়েছে এবং নড়াচড়াতেও কিছুটা সমস্যা হচ্ছিল। তবে আশা ছিল চতুর্থ দিন তিনি উইকেটের পিছনে ফিরতে পারবেন। কিন্ত পারেননি।

ফলো-অন করিয়ে শ্রীলঙ্কাকে ফের ব্যাট করতে পাঠাল ভারত, দ্বিতীয় ইনিংসেও শুরুতেই ধাক্কা সিরাজ,  জাদেজার

Photo: X

বৃষ্টির চোখরাঙানি পেরিয়ে চতুর্থ দিনের খেলা শুরু হতেই শ্রীলঙ্কার লেজ গুটিয়ে দিল ভারত।

দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৯০ রানে অলআউট করে ২১৩ রানের লিড নিয়েছে শুভমান গিলের দল। প্রতিপক্ষকে ফলো-অন করিয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরুতেই ধাক্কা খেল শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজের বলে লাহিরু উদারা ৩ রানে আউট হন। জাদেজার বলে ফেরেন কামিল মিশারা (৩২)। শেষ পাওয়া খবর অনুযায়ী, শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের স্কোর ৬৭/২।

তৃতীয় দিনের শেষে ২৬৫/৮-এ থেমেছিল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। অপরাজিত ছিলেন সোনাল দিনুশা (৮৫) এবং লাহিরু কুমারা (৮)। চতুর্থ দিন সকালে ভারতের লক্ষ্য ছিল দ্রুত বাকি দু’টি উইকেট তুলে নেওয়া। সেই কাজেই প্রথমে কিছুটা সময় নিলেও শেষ পর্যন্ত সফল ভারতীয় বোলাররা।

দিনুশা অবশ্য লড়াই চালিয়ে যান। ১৪৭ বলে শতরান পূর্ণ করেন তিনি। চলতি সিরিজে এটি তাঁর দ্বিতীয় শতরান। তাঁর সেঞ্চুরির পরেও শ্রীলঙ্কার সামনে ফলো-অন এড়ানোর রাস্তা খোলেনি। সারাংশ জৈনের বলে লাহিরু কুমারা ১২ রানে আউট হন। এরপর দিনুশাকেও ১০৩ রানে ফেরান সারাংশ। শ্রীলঙ্কা থামে ২৯০ রানে।

অভিষেকেই প্রথম আন্তর্জাতিক উইকেট পান সারাংশ। কুমারা বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন ধ্রুব জুরেলের হাতে। সেই উইকেটের পর শ্রীলঙ্কার শেষ আশাটুকুও কার্যত শেষ হয়ে যায়। ভারতের প্রথম ইনিংসের ৫০৩/৯ ঘোষণার জবাবে ২৯০—অর্থাৎ ২১৩ রানে পিছিয়ে থেকেই ফের ব্যাট করতে নামতে হয় তাদের।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার শুরুটা আরও খারাপ। প্রসিদ্ধ কৃষ্ণের প্রথম ওভারে তিন রান আসে। পরের ওভারে সিরাজ মেডেন নিয়ে চাপ বাড়ান। তৃতীয় ওভারে আবার সিরাজের আঘাত। ছোট বল পেয়ে ফাইন লেগের দিকে মারতে গিয়ে সারাংশ জৈনের হাতে ক্যাচ দেন উদারা। ৩.৩ ওভারে ৫/১ শ্রীলঙ্কা।

এদিকে ম্যাচ শুরুর আগে আলোচনায় ছিল ঋষভ পন্থের চোটও। কাঁধে চোট পাওয়ার পর তৃতীয় দিন তিনি উইকেটকিপিং করেননি। তাঁর জায়গায় গ্লাভস হাতে ছিলেন জুরেল। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছিলেন, পন্থের চোটের জায়গাটি বেশ ফুলে রয়েছে এবং নড়াচড়াতেও কিছুটা সমস্যা হচ্ছিল। তবে আশা ছিল চতুর্থ দিন তিনি উইকেটের পিছনে ফিরতে পারবেন। কিন্ত পারেননি।

ম্যাচের নিয়ন্ত্রণ এখন স্পষ্টতই ভারতের হাতে। প্রথম ইনিংসে জুরেলের অপরাজিত ১১৫ এবং পন্থের ৬৩ রানের দৌলতে ভারত ৫০৩/৯ ডিক্লেয়ার করেছিল। তার পর বোলারদের দাপটে শ্রীলঙ্কা ২৯০-তে গুটিয়ে গিয়েছে। এখন দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেট তুলে নিয়ে ইনিংস ব্যবধানে জয় তুলে নেওয়াই গিলদের লক্ষ্য। তবে কলম্বোর আবহাওয়া এখনও বড় বাধা—চতুর্থ দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।