• facebook
  • twitter
  • youtube
Sunday, 16 August, 2026

সরকারের ১০০ দিন পূর্তি, পুরুলিয়ায় একাধিক কর্মসূচি শুভেন্দুর

রাজ্যের বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আগামীকাল পুরুলিয়ায় একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে যোগ দেবেন

সরকারের ১০০ দিন পূর্তি, পুরুলিয়ায় একাধিক কর্মসূচি শুভেন্দুর

CM Suvendu Adhikari Photo-SNS

রাজ্যের বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আগামীকাল পুরুলিয়ায় একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সরকারের প্রথম ১০০ দিনে নেওয়া অগ্রাধিকারমূলক পদক্ষেপ এবং বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের খতিয়ানও ওই দিন তুলে ধরা হবে।

মুখ্যমন্ত্রীর সফরের শুরুতেই মানবাজারে জাইকার সহায়তায় তৈরি মানবাজার পানীয় জল প্রকল্পের উদ্বোধন করার কথা। এই প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ পানীয় জল সরবরাহের পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

এর পর রঘুনাথপুরে অমিত মেটালিক্সের প্রস্তাবিত ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শুভেন্দু। প্রায় ৪,০০০ কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্প গড়ে উঠবে। এর ফলে পুরুলিয়ায় শিল্পের প্রসারের পাশাপাশি উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সরকারের প্রথম ১০০ দিনের কাজের খতিয়ান প্রকাশের বিষয়টিও এ দিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন সরকারি দপ্তর সামাজিক মাধ্যম এবং মূলধারার সংবাদমাধ্যমের মাধ্যমে সরকারের ১০০ দিনের উদ্যোগ ও সাফল্যের বিবরণ প্রকাশ করবে।

শুভেন্দুর দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর একাধিক ক্ষেত্রে আগের প্রশাসনিক জটিলতা কাটিয়ে কাজ শুরু করতে হয়েছে। সেই কারণেই প্রথম ১০০ দিনে অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আগামীকাল পুরুলিয়ার কর্মসূচি থেকেই সেই কাজের খতিয়ান রাজ্যবাসীর সামনে তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরকারের ১০০ দিন পূর্তির আবহে পুরুলিয়ায় একই দিনে পানীয় জল প্রকল্পের উদ্বোধন এবং কয়েক হাজার কোটি টাকার শিল্প প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন—দুই কর্মসূচিকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসন।