• facebook
  • twitter
  • youtube
Sunday, 2 August, 2026

ফের আমেরিকায় জনবহুল এলাকায় চলল এলোপাথাড়ি গুলি, নিহত ৩

সাধারণ মানুষের এখন আর ভয় পাওয়ার কিছু নেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও সন্দেভাজনের পরিচয় জানতে তদন্ত চলছে। এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

ফের আমেরিকায় জনবহুল এলাকায় চলল এলোপাথাড়ি গুলি, নিহত ৩

Photo: Statesman

ফের আমেরিকায় জনবহুল এলাকায় বন্দুকবাজের হামলা। আমেরিকার আইডাহোতে টুইন ফলস শহরে শনিবার একটি রেস্তোরাঁর সামনে বন্দুকবাজরা এলোপাথাড়ি গুলি চালায়। হামলার ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

টুইন ফলস শহরের মুখপাত্র জশ পামার জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ ব্লু লেকস বুলেভার্ড নর্থে অবস্থিত একটি রেস্তোরাঁর সামনে বন্দুকবাজরা গুলি চালায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। এরপরে পুলিশের সঙ্গে বন্দুকবাজের গুলির লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।

টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস জানিয়েছেন, অভিযুক্তের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষের এখন আর ভয় পাওয়ার কিছু নেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও সন্দেভাজনের পরিচয় জানতে তদন্ত চলছে। এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। কর্তৃপক্ষ এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: সিয়াটেল খাদ্য উৎসবে চলল এলোপাথাড়ি গুলি, হামলায় মৃত ২, আহত বহু

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাময়িক লকডাউন জারি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এটাই প্রথম নয়। এর আগে ওয়াশিংটনের সিয়াটল শহরে বাইট অব সিয়াটেল খাদ্য উৎসবে বন্দুকবাজরা হামলা চালায়। তারা ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেই হামলায় দু’জন নিহত হয়েছিলেন। সেই সঙ্গে দুই বছরের এক শিশু-সহ অন্তত ৪ জন আহত হয়েছেন। গুলি চালানোর ঘটনার পর সেখানে হুড়োহুড়িতে পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে পুলিশ জানিয়েছিল।  এই ঘটনার পর এক্স হ্যান্ডলে সিয়াটেল পুলিশের তরফে জানানো হয়েছিল, একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেই সঙ্গে সাধারণ মানুষকে সিয়াটেল সেন্টার এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল।