• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

সব্যসাচী দত্তের বিরুদ্ধে তদন্তে এবার ইডি, সকাল থেকে ১১ জায়গায় তল্লাশি

শুক্রবার সকাল থেকে পার্ক স্ট্রিট, খিদিরপুর-সহ কলকাতা ও শহরতলির মোট ১১টি ঠিকানায় সব্যসাচী দত্ত এবং তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে খবর

সব্যসাচী দত্তের বিরুদ্ধে তদন্তে এবার ইডি, সকাল থেকে ১১ জায়গায় তল্লাশি

Image: IANS (File Photo)

রাজ্য পুলিশের পর এবার বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা ইডি। সূত্রের খবর, শুক্রবার সকাল থেকে পার্ক স্ট্রিট, খিদিরপুর-সহ কলকাতা ও শহরতলির মোট ১১টি ঠিকানায় সব্যসাচী দত্ত এবং তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।

উল্লেখ্য, গত ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে নিয়ে একাধিক স্থানে তল্লাশি চালান তদন্তকারীরা। সেই অভিযানে রাজারহাটে তাঁর ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাঙ্ক লকার থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনা উদ্ধার হয় বলে পুলিশ জানায়। তদন্তকারীদের দাবি, তোলাবাজির টাকা দিয়ে ওই সোনা কেনা হয়েছিল।

এর আগে সব্যসাচী দত্ত ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী দত্তের নামে থাকা পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করে পুলিশ। পাশাপাশি ওই অ্যাকাউন্টগুলিতে থাকা অর্থ, একাধিক ফিক্সড ডিপোজিট এবং নগদ মিলিয়ে মোট প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এই বিপুল সম্পদের উৎস খতিয়ে দেখতে তথ্য সংগ্রহের কাজও চলছিল বলে সম্প্রতি পুলিশ জানিয়েছিল।

এরই মধ্যে সব্যসাচী দত্তের বিরুদ্ধে তদন্তে নতুন মাত্রা যোগ করেছে ইডির তল্লাশি অভিযান। উল্লেখ্য, গত জুন মাসে সব্যসাচীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার নদিয়ার করিমপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছিল পুলিশ। পাশাপাশি, সল্টলেকের এ ই ব্লকের একটি বাড়ির প্রবীণ মালিক অভিযোগ করেন, তাঁর কাছ থেকে সব্যসাচী দত্ত ৪৬ লক্ষ টাকা তোলা আদায় করেছিল।

ইডি সূত্রে জানা গিয়েছে, সব্যসাচী দত্তের বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। তবে আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় ইডির নিজস্ব এফআইআর এখনও দায়ের করা হয়নি বলেই তদন্তকারী সংস্থার একটি সূত্রের দাবি।