ভুয়ো তফসিলি জাতির শংসাপত্র ব্যবহার করে সংরক্ষিত আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও বিধায়ক হওয়ার অভিযোগে কোচবিহারের সিতাইয়ের বিধায় সংগীতা রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করল প্রশাসন।
মহকুমা শাসকের নির্দেশে ব্লক প্রশাসন তাঁর বাড়িতে নোটিস পাঠিয়ে এসসি শংসাপত্র যাচাইয়ের জন্য বিডিও অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবারই প্রয়োজনীয় নথি-সহ উপস্থিত থাকার কথা জানানো হলেও বিধায়কের খোঁজ মেলেনি। পরে নোটিসটি তাঁর বাড়ির দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়।
বিধানসভা নির্বাচনের সময় থেকেই বিজেপি ও জিসিপিএ সমর্থিত প্রার্থী আশুতোষ বর্মা সংগীতা রায়ের বিরুদ্ধে ভুয়ো এসসি শংসাপত্র ব্যবহারের অভিযোগ তুলেছিলেন। নির্বাচনের পর মহকুমা শাসকের কাছে অভিযোগ জানানো হলেও সুরাহা না হওয়ায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এরপরই প্রশাসন শংসাপত্র যাচাইয়ের উদ্যোগ নেয়।
আশুতোষ বর্মার দাবি, সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার বৈধ অধিকারই ছিল না সংগীতা রায়ের। তাঁর অভিযোগ, ‘নির্বাচনের সময় থেকেই আমরা বিষয়টি তুলে ধরছি। ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনে নামব।’ ঘটনার জেরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য় ছড়িয়েছে।




