• facebook
  • twitter
  • youtube
Monday, 27 July, 2026

বিক্ষোভকারীদের মুক্ত করতে পুলিশের ভ্যান আটকে দেওয়া তরুণীর অনলাইনে নির্যাতনের অভিযোগ

সেই সময় ধূসর রঙের হুডি পরে ভ্যানের সামনে দাঁড়িয়ে সেটিকে আটকে দেন রিয়া আহির। তাঁর সেই ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়

বিক্ষোভকারীদের মুক্ত করতে পুলিশের ভ্যান আটকে দেওয়া তরুণীর অনলাইনে নির্যাতনের অভিযোগ

Model Riya Ahir Photo-SNS

নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে পুলিশের ভ্যানের সামনে একা দাঁড়িয়ে আন্দোলনকারীদের মুক্ত করার ঘটনায় দেশজুড়ে আলোচনার শিরোনামে উঠে এসেছিলেন মুম্বাইয়ের মডেল ও অভিনেত্রী রিয়া আহির। সেই সাহসী পদক্ষেপ তাঁকে অনেকের কাছে প্রতিবাদের মুখ করে তুলেছিল। তবে এবার সেই রিয়াকেই অনলাইনে লাগাতার হেনস্থার অভিযোগে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হতে হয়েছে।

রিয়ার অভিযোগ, আন্দোলনের পর থেকেই তাঁকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে সমাজমাধ্যমে বিদ্বেষমূলক প্রচার চালানো হচ্ছে। তাঁর মডেলিং জীবনের বিভিন্ন ছবি খুঁজে বের করে বিকৃতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ডিপফেক ভিডিও তৈরি, মানহানিকর পোস্ট, অশালীন মন্তব্য, কুরুচিকর ভাষায় আক্রমণ এবং পরিবারের সদস্যদেরও অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

মুম্বাইয়ের এমআইডিসি থানায় দায়ের করা অভিযোগে রিয়া জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি সমাজমাধ্যমে হুমকি, অশ্লীল মন্তব্য এবং বিদ্বেষমূলক প্রচারের শিকার হচ্ছেন। অভিযোগের পাশাপাশি স্ক্রিনশট, বিভিন্ন পোস্টের লিঙ্ক এবং অন্যান্য প্রমাণও জমা দিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে।

গত ২২ জুলাই মুম্বাইয়ের দাদারের শিবাজি পার্ক এলাকায় নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আটক আন্দোলনকারীদের নিয়ে যাচ্ছিল পুলিশের একটি ভ্যান। সেই সময় ধূসর রঙের হুডি পরে ভ্যানের সামনে দাঁড়িয়ে সেটিকে আটকে দেন রিয়া আহির। তাঁর সেই ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পরে তিনি জানান, পুলিশ অন্যায় করছে বলেই তিনি প্রতিবাদ করেছিলেন। নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকলেই এমন প্রতিবাদ করা সম্ভব বলেও মন্তব্য করেছিলেন তিনি।

পেশায় অভিনেত্রী ও মডেল রিয়ার সমাজমাধ্যমে লক্ষাধিক অনুরাগী রয়েছে। বিভিন্ন ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিনের প্রচ্ছদে যেমন তাঁকে দেখা গিয়েছে, তেমনই ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘দিলবারা’ মিউজিক ভিডিওতেও অভিনয় করেছিলেন তিনি। তবে তাঁর দাবি, সেই পেশাগত ছবিগুলিকেই এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে তাঁর চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তাঁর এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।