• facebook
  • twitter
  • youtube
Tuesday, 21 July, 2026

‘আমি কিন্তু কোনও ৫৬ বছরের যুবকের কথা বলছি না’, নাম না করে রাহুলকে খোঁচা মোদীর

সংসদের বাদল অধিবেশনে নানা বিষয়ে সরকারপক্ষের বিরুদ্ধে সুর চড়াতে প্রস্ততি নিচ্ছে বিরোধীশিবির

‘আমি কিন্তু কোনও ৫৬ বছরের যুবকের কথা বলছি না’, নাম না করে রাহুলকে খোঁচা মোদীর

PM Modi Photo-ANI

সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই সোমবার বিরোধী শিবিরকে লক্ষ্য করে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মহাকাশ গবেষণার নতুন স্টার্টআপ এবং প্রযুক্তির অভূতপূর্ব সাফল্যের প্রশংসা করতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে পরোক্ষভাবে খোঁচা দেন তিনি। প্রধানমন্ত্রী দেশের তরুণ প্রজন্মের প্রশংসা করার ফাঁকেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নাম না করে তির্যক মন্তব্য ছুড়ে দেন। তথ্যনিষ্ঠ আলোচনার ভিত্তিতে গঠনমূলক সমালোচনা হোক। সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ চত্বরে  বিরোধীদের উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে দেশের নতুন বেসরকারি বিমানসংস্থা ‘স্কাইরুট অ্যারোস্পেস’ নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, সেখানে যাঁরা কাজ করেন, তাঁদের অধিকাংশই তরুণ। এই প্রসঙ্গেই নরেন্দ্র মোদীর খোঁচা, ‘স্কাইরুটে গোটা টিমটার গড় বয়স বড়জোর ২৮। আমি কোনও ৫৬ বছরের তরুণের কথা বলছি না। তথ্য ও যুক্তি যেখানে দৃঢ় হয় সেখানে হঠাৎ আছড়ে পড়া কোনও ঝড় শক্তিহীন হয়ে যায়। যদি আপনার তথ্য, যুক্তি শক্তিশালী হয় তবে শান্ত চিত্তেই নিজের বক্তব্যকে দৃঢ়ভাবে তুলে ধরা যায়।’ সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী ভারতের মহাকাশ খাতের অগ্রগতির প্রসঙ্গ তুলে বেসরকারি সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস-এর বিক্রম-১ রকেটের সাফল্যের কথা তুলে ধরেন।

 

সংসদের বাদল অধিবেশনে নানা বিষয়ে সরকারপক্ষের বিরুদ্ধে সুর চড়াতে প্রস্ততি নিচ্ছে বিরোধীশিবির। নিট কেলেঙ্কারির প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে এখন সরগরম রাজধানী। এই আবহে প্রধানমন্ত্রী বললেন, ‘গত একমাসে ভারত একের পর এক সাফল্যের সাক্ষী হয়েছে। আন্তর্জাতিক মঞ্চ থেকে শুরু করে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে দেশের অর্জন প্রত্যেকটি ভারতীয়ের গর্ব বাড়িয়েছে। তার মধ্যেই স্কাইরুট অ্যারোস্পেসের সাফল্য ভারতের নতুন যুগের সূচনা করেছে। গত বছর বর্ষাকালীন অধিবেশনের ঠিক আগেই এক ভারতীয় নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন। আর দু’দিন আগেই ভারতের একটি তরুণ স্টার্টআপ এক ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে।’

তাছাড়া প্রধানমন্ত্রী জানান, যখন তিনি ভারতের মহাকাশ গবেষণার বরাদ্দে বেসরকারি সংস্থার জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন অনেকেই তাঁকে নিরুৎসাহিত করেছিলেন। কিন্তু স্কাইরুটের সাফল্য তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছে। তাই এদিন নরেন্দ্র মোদীর বক্তব্য, ‘যখন মহাকাশ খাতকে বেসরকারি অংশগ্রহণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন অনেকেই বলেছিলেন এটা সম্ভব নয়। আজ তোমরা প্রমাণ করে দিয়েছো, দেশের যুবসমাজের উপর ভরসা রাখলে তারা অসম্ভবকেও সম্ভব করতে পারে। সম্প্রতি রাজস্থানে একটি বৃহৎ তেল শোধনাগার তৈরি হয়েছে। দেশের তৃতীয় সেমিকন্ডাক্টর প্ল্যান্টটি কাজ শুরু করেছে। কদিন আগে দেশে প্রথম চালু হয়েছে হাইড্রোজেন চালিত ট্রেন। বিশ্বের অল্প দেশেই এই ট্রেন রয়েছে। তবে দেশবাসীর জন্য যে হাইড্রোজেন ট্রেন উৎসর্গ হয়েছে, সেটি দীর্ঘতম এবং এর ইঞ্জিনটিও সবচেয়ে শক্তিশালী। বর্ষা এবং বাদল অধিবেশন, দুটোই ফলদায়ক। আর যখন দুটোই ফলদায়ক হয়, তখন সেটা দেশকে উন্নয়নের পথে নিয়ে যায়। তাই আমরা চাই, বাদল অধিবেশন গঠনমূলক এবং ফলদায়ক হোক।’