• facebook
  • twitter
  • youtube
Saturday, 18 July, 2026

‘একবার বিয়ে করা ব্যক্তিরাই মধ্যপ্রদেশে থাকবেন’, অভিন্ন দেওয়ানি বিধি বিল প্রসঙ্গে মোহন যাদব

কংগ্রেসের অভিযোগ, ইউসিসির নামে বিজেপি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে

‘একবার বিয়ে করা ব্যক্তিরাই মধ্যপ্রদেশে থাকবেন’, অভিন্ন দেওয়ানি বিধি বিল প্রসঙ্গে মোহন যাদব

CM Mohan Yadav Photo-SNS

মধ্যপ্রদেশে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর করার পথে আরও এক ধাপ এগোল বিজেপি সরকার। আসন্ন বিধানসভার বাদল অধিবেশনে ইউসিসি বিল পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। তবে বিল আসার আগেই তাঁর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

কাটনি জেলার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনে রাজ্যে কেবল একবার বিয়ে করা ব্যক্তিরাই আইনি স্বীকৃতি পাবেন। তাঁর বক্তব্য, যখন দেশে একটি সংবিধান ও একটি আইন ব্যবস্থা রয়েছে, তখন ধর্মের ভিত্তিতে আলাদা আইন থাকার প্রয়োজন নেই। তিনি বহুবিবাহ প্রসঙ্গে রাম ও রহিমের উদাহরণ টেনে বলেন, সবার জন্য একই নিয়ম থাকা উচিত।

মোহন যাদব আরও বলেন, তিন তালাকের কোনও জায়গা এই আইনে থাকবে না। কেউ ‘তালাক, তালাক, তালাক’ বললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁর দাবি, ইউসিসির উদ্দেশ্য হল নাগরিকদের মধ্যে বৈষম্য দূর করে সবার জন্য সমান আইন চালু করা।

মুখ্যমন্ত্রী জানান, বিধানসভায় বিল পেশের আগে মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদনের জন্য আনা হবে। একই সঙ্গে তিনি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেন, তারা এতদিন ধর্মের ভিত্তিতে রাজনীতি করে বিভাজন তৈরি করেছে।

তবে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। দলের মুখপাত্র আব্বাস হাফিজ বলেন, ‘রাম’ ও ‘রহিম’-এর মতো পবিত্র নামকে রাজনৈতিক বিতর্কে টেনে আনা উচিত নয়। তাঁর প্রশ্ন, ইউসিসি যদি সবার জন্য হয়, তবে আদিবাসী সম্প্রদায়ের প্রচলিত কিছু রীতির ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য হবে?

কংগ্রেসের অভিযোগ, ইউসিসির নামে বিজেপি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির দাবি, এই আইন ধর্ম নয়, বরং সকল নাগরিকের জন্য সমান আইনি ব্যবস্থা নিশ্চিত করবে।