• facebook
  • twitter
  • youtube
Saturday, 18 July, 2026

মাইথনে দখলদার উচ্ছেদ, বুলডোজারে গুঁড়িয়ে গেল শতাধিক আবাসন

পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে গোটা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। দীর্ঘদিনের দখলদারি সরিয়ে সরকারি সম্পত্তি পুনরুদ্ধারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ডিভিসি কর্তৃপক্ষ।

মাইথনে দখলদার উচ্ছেদ, বুলডোজারে গুঁড়িয়ে গেল শতাধিক আবাসন

Photo: Statesman

রেল ও সেলের পর এবার দখলদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত মাইথনের লেফট ব্যাঙ্ক এলাকায় দীর্ঘদিন ধরে ডিভিসির পরিত্যক্ত আবাসন দখল করে বসবাস করা বহু মানুষকে উচ্ছেদ করার অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই বুলডোজার চালিয়ে একের পর এক আবাসন ভাঙার কাজ শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ডিভিসির প্রায় শতাধিক পরিত্যক্ত আবাসন দীর্ঘদিন ধরে বহু মানুষ দখল করে বসবাস করছিলেন। এর আগে একাধিকবার নোটিস জারি করে ওই আবাসন খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের পরও আবাসন খালি না হওয়ায় প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এরপরই শুরু হয় ভাঙার কাজ।

Paschim Bardhaman News
Photo: Statesman

ডিভিসির ডিজিএম সুখময় নায়ক জানান, পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া আবাসনগুলির জায়গায় ভবিষ্যতে শিশুদের জন্য পার্ক, খেলাধুলার পরিকাঠামো কিংবা অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ডিভিসির স্কুলে পর্যাপ্ত বড় খেলার মাঠ নেই। সেই কারণে ফুটবল-সহ বিভিন্ন খেলাধুলার জন্য আধুনিক মাঠ তৈরির ভাবনা রয়েছে। তবে এই জমিতে শেষ পর্যন্ত কী নির্মাণ হবে, সেই সিদ্ধান্ত নেবেন ডিভিসির উচ্চপদস্থ কর্তৃপক্ষ।

উচ্ছেদ অভিযানকে ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে গোটা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। দীর্ঘদিনের দখলদারি সরিয়ে সরকারি সম্পত্তি পুনরুদ্ধারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ডিভিসি কর্তৃপক্ষ।

Paschim Bardhaman News
Photo: Statesman

এই অভিযানের মাধ্যমে সরকারি সংস্থার পরিত্যক্ত সম্পত্তি পুনরুদ্ধার করে জনস্বার্থে ব্যবহার করার উদ্যোগ আরও এক ধাপ এগোল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এখন দখলমুক্ত হওয়া এই বিস্তীর্ণ এলাকায় ভবিষ্যতে কী ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয় সেই দিকে নজর রয়েছে সকলের।