দেশের সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শনিবার কলকাতায় ‘নির্বাক ধিক্কার মিছিল’-এর আয়োজন করল পশ্চিমবঙ্গ INTUC সেবাদল। সংগঠনের দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে এবং এর দায় কেন্দ্র সরকারের এড়ানোর সুযোগ নেই।
INTUC সেবাদলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক বছরে একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে।
সংগঠনের বক্তব্য অনুযায়ী, ম্যাগসাসাই পুরস্কারপ্রাপ্ত প্রযুক্তিবিদ, সমাজকর্মী ও গান্ধীবাদী চিন্তাবিদ সোনম ওয়াংচুক শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ২০ দিন ধরে অনশন করছেন। তাঁর আন্দোলনের প্রতি সংহতি জানিয়েই এদিনের ‘নির্বাক ধিক্কার মিছিল’-এর আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় কলেজ স্ট্রিটের ঐতিহাসিক কফি হাউসের সামনে থেকে মিছিল শুরু হয়। সেখান থেকে মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার পর্যন্ত যায়। প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান এবং প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণকারীদের দেখা যায়। তবে কর্মসূচির মূল বৈশিষ্ট্য ছিল নীরব প্রতিবাদ।
পশ্চিমবঙ্গ INTUC সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে জানান, দেশের ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ ও নির্ভরযোগ্য করে তোলার দাবি নিয়েই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি সকলকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।
প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে কলেজ স্ট্রিট এলাকায় পুলিশের নজরদারি ছিল। আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ বাহিনী। শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয় বলে জানা গেছে।




