• facebook
  • twitter
  • youtube
Friday, 17 July, 2026

ভোটে সংবাদমাধ্যমের জোরদার ভূমিকায় নির্বাচন কমিশনের সর্বভারতীয় মিডিয়া সম্মেলন

দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন

ভোটে সংবাদমাধ্যমের জোরদার ভূমিকায় নির্বাচন কমিশনের সর্বভারতীয় মিডিয়া সম্মেলন

Image: SNS

নির্বাচনী প্রক্রিয়ায় সংবাদমাধ্যমের ভূমিকা আরও কার্যকর ও তথ্যনির্ভর করে তুলতে বৃহস্পতিবার নয়াদিল্লির দ্বারকায় অবস্থিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (IIIDEM)-এ নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত হল ‘সর্বভারতীয় মিডিয়া সম্মেলন ২০২৬’। দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন।

সম্মেলনের সূচনায় স্বাগত ভাষণ দেন নির্বাচন কমিশনের ডিরেক্টর জেনারেল (মিডিয়া) আশিস গয়াল। এরপর বক্তব্য রাখেন IIIDEM-এর ডিরেক্টর তথা নির্বাচন কমিশনের আইন বিভাগের উপ-মহানির্দেশক বিজয় কুমার পাণ্ডে। তাঁরা নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং সঠিক তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

‘Connecting Stakeholders, Strengthening Democracy: The Role of Media in Elections’ শীর্ষক এই সম্মেলনে সাংবাদিকদের জন্য একাধিক কারিগরি ও তথ্যভিত্তিক সেশন রাখা হয়েছে। সেখানে ভোটার তালিকা প্রস্তুতির প্রক্রিয়া, নির্বাচন পরিচালনার সাংবিধানিক ও আইনি কাঠামো, ভোটগ্রহণ ও গণনা পদ্ধতি, নির্বাচন কমিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম ECINET-সহ কমিশনের বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগ সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ ও বিস্তারিত ধারণা দেওয়া হবে।

নির্বাচন কমিশনের মতে, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল নির্বাচন সংক্রান্ত তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনকে উৎসাহিত করা, ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্যের মোকাবিলা করা এবং নির্বাচন কমিশন ও সংবাদমাধ্যমের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় করা। কমিশনের আশা, এই উদ্যোগ নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে জনসাধারণের কাছে আরও স্বচ্ছ ও নির্ভুল তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।