নতুন সরকারের আমলে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রথম পর্বের বাজেট অধিবেশন শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবারে শুরু হবে দ্বিতীয় পর্বের অধিবেশন। সেখানে ১৩টি গুরুত্বপূর্ণ দপ্তর নিয়ে আলোচনা হবে। ১৭ জুলাই থেকে শুরু করে ২৫ জুলাই পর্যন্ত বিধানসভার এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
এই অধিবেশনে সকল দপ্তরের বাজেট পেশ করবেন সেই সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। সেখানেই এবারে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা করা হবে। প্রায় ১৫ বছর পরে এই ঘটনার সাক্ষী থাকবে রাজ্য বিধানসভা। আগামী বুধবার ২২ জুলাই বিধানসভায় পেশ হবে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট। সেই দিন তিন ঘন্টা ধরে আলোচনা চলবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনার সুযোগ ছিল না বিধানসভায়। তা সরাসরি পাঠিয়ে দেওয়া হত গিলোটিনে। নিয়ম মাফিক বিধানসভায় যে সব বিষয় নিয়ে আলোচনার সময় থাকে না সেগুলো একসঙ্গে গিলোটিনে পাঠিয়ে দেওয়া হয়। মমতা জমানায় মাত্র একবার স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হয়েছিল। তা হয়েছিল ২০১১ সালে। তারপর থেকে কোনোবারই এই আলোচনা হয়নি। বিজেপির হাত ধরে সেই আলোচনা ফের ফিরে আসছে। আলোচনা হলে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে প্রশ্নও উঠবে। আর প্রশ্নের উত্তর দেবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শুভেন্দু অধিকারী। যা এতদিন থাকত না।
এর আগে নতুন সরকারের বাজেট পেশের সময়ে পুরুলিয়া এবং মালদহে নতুন বিমানবন্দর তৈরি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। পুরুলিয়ার ছররায় জমি জরিপের কাজও খানিকটা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে। মালদহেও সেই কাজ হয়েছিল। তবে শেষপর্যন্ত কাজ বিশেষ এগোয়নি। নতুন রাজ্য সরকারের আমলে সেই কাজে গতি আসছে। উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরের উপর চাপ কমিয়ে আকাশপথে যোগাযোগ আরও মসৃণ করতে মালদহে তৈরি হবে আরেকটি বিমানবন্দর। অন্যদিকে, দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরের পাশাপাশি জঙ্গলমহল এলাকার যোগাযোগ ব্যবস্থা বাড়াতে বিমানবন্দর তৈরি হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়া তিনি জানান, কলাইকুণ্ডা ও হাসিমারা বায়ুসেনা ঘাঁটি সম্প্রসারণের জন্য জমি দেওয়া হবে রাজ্যের তরফে। হাসিমারায় ২৫ একর ও কলাইকুণ্ডার জন্য ৩৭ একর জমি দেওয়ার কাজ শুরু হয়েছে।




