• facebook
  • twitter
  • youtube
Sunday, 12 July, 2026

হরমুজ়ে বাণিজ্যিক জাহাজে হামলা ইরানের, নিখোঁজ ভারতীয় নাবিক, উদ্বেগ প্রকাশ নয়াদিল্লির

ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাসও জানিয়েছে, জিএফএস গ্যালাক্সি নামে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে সবরকম সহযোগিতা করতে তারা রাজি।

হরমুজ়ে বাণিজ্যিক জাহাজে হামলা ইরানের, নিখোঁজ ভারতীয় নাবিক, উদ্বেগ প্রকাশ নয়াদিল্লির

Photo: Statesman

হরমুজ় প্রণালীতে ফের উত্তেজনা ছড়াল। প্রণালী পার করার সময়ে সাইপ্রাসের একটি পণ্যবাহী জাহাজে হামলা চালায় ইরানের বাহিনী। এবার বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত। ওমান উপকূলের কাছে হামলার শিকার হওয়া জিএফএস গ্যালাক্সি নামের একটি বাণিজ্যিক জাহাজে ১১ জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

ভারতের বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। সেই বিবৃতিতে বলা হয়েছে, ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপরে হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। একজন ভারতীয় নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন। জানা গিয়েছে, ইরানের বাহিনীর হামলার পরেই ওই বাণিজ্যিক জাহাজে আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে কর্মীরা জাহাজ ছাড়তে বাধ্য হন।

সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস গোটা ঘটনার উপর নজর রাখছে। নিখোঁজ ভারতীয় নাগরিকের সন্ধান ও উদ্ধার অভিযানে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ভারত সরকারের স্পষ্ট বার্তা, সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিকভাবে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক জলসীমায় অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের স্বাধীনতা ফেরানোর দাবি জানিয়েছে ভারত।

ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই অঞ্চলের জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিকে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাসও জানিয়েছে, জিএফএস গ্যালাক্সি নামে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে সবরকম সহযোগিতা করতে তারা রাজি।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, জিএফএস গ্যালাক্সি জাহাজ হরমুজ় প্রণালী অতিক্রম করার সময়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর হামলার শিকার হয়। মার্কিন বাহিনীর দাবি, হামলায় জাহাজে আগুন ধরে যায়। এর ফলে জাহাজের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি আর এগোতে পারেনি।