ডায়াবেটিস, হার্টের সমস্যা, হাইপার টেনশন সহ একাধিক গুরুত্বপূর্ণ ৩৯টি ওষুধের বিক্রির দাম বেঁধে দিল ন্যাশানাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি। এনপিপিএ-র নতুন নির্দেশনামায় জানানো হয়েছে, ড্রাগস অর্ডার, ২০১৩ এর অধীনে ৩৯টি জটিল রোগের ওষুধের বিক্রির দাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এতে গ্রাহকেরা বিশেষ করে মধ্যবিত্তরা স্বস্তি পাবেন। জীবনদায়ী এই ওষুধগুলিকে আরও অনেকটা সহজলভ্য করে তুলবে। এই সিদ্ধান্তের ফলে অবসরপ্রাপ্ত থেকে শুরু করে প্রবীণ নাগরিক ও যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা সকলে স্বস্তি পাবেন।
ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিওভাসকুলার ডিজিজ সহ একাধিক ওষুধের দাম কমিয়ে বা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এনপিপিএ-র নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এই ওষুধগুলো বিক্রি করতে পারবে না। ওষুধের প্যাকেটের সর্বোচ্চ খুচরো মূল্যে (এমআরপি) অবিলম্বে সংশোধন করারও নির্দেশ দেওয়া হয়েছে।
• এমপাগ্লিফ্লোজিন + সিটাগ্লিপ্টিন + মেটফর্মিন হাইড্রোক্লোরাইড (এক্সটেন্ডেড রিলিজ) ট্যাবলেটের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ট্যাবলেট ১৪.৮৮ টাকা।
• টেনেলিগ্লিপ্টিন + ডাপাগ্লিফ্লোজিন ট্যাবলেটের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ট্যাবলেট ১০.১৭ টাকা।
• অ্যাটোরভাস্টাটিন + ফেনোফাইব্রেট ট্যাবলেট, যা মূলত কোলেস্টেরল নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, তার দাম প্রতি ট্যাবলেট ১৮.৪৬ টাকা।
• বিসোপ্রোলল ফিউমারেট + অ্যামলোডিপিন ট্যাবলেট, যা সাধারণত উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) নিয়ন্ত্রণে দেওয়া হয়, তার দাম শক্তি অনুযায়ী প্রতি ট্যাবলেট ৭.৩১ টাকা ও ৯.৪০ টাকা।
• সিলনিডিপিন + টেলমিসারটান ট্যাবলেটের দাম শক্তি অনুযায়ী প্রতি ট্যাবলেট ১২.৯৮ টাকা থেকে ১৪.৯৫ টাকা।
• অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে ক্যালসিয়াম ও ভিটামিন ডি৩ ট্যাবলেটের দামও নির্ধারণ করা হয়েছে। ক্যালসিয়াম ও ভিটামিন-ডি৩ ট্যাবলেটের খুচরা মূল্য প্রতি ট্যাবলেট ৮.৯৩ টাকা (জিএসটি সহ) নির্ধারণ করেছে। এই ট্যাবলেটগুলি সাধারণত প্রবীণ নাগরিক, মেনোপজ-পরবর্তী নারী এবং হাড়ের দুর্বলতায় ভোগা ব্যক্তিদের জন্য চিকিৎসকেরা প্রেসক্রাইব করে থাকেন।
• জলাতঙ্ক সন্দেহযুক্ত কুকুর বা অন্য কোনো পশুর কামড়ের পর জরুরি চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি-র্যা বিস ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনের খুচরা মূল্য সংশোধন করে ১১৯.৪৮ টাকা করা হয়েছে। এই ওষুধটি জলাতঙ্কের টিকার সঙ্গে দেওয়া হয় এবং সংক্রমণের বিরুদ্ধে তাৎক্ষণিক সুরক্ষা প্রদানে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।




