স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল জানিয়ে দিলেন, সমালোচনা তাঁকে দমিয়ে দেয় না, বরং আরো ভালো খেলতে অনুপ্রাণিত করে। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, দল জিতলে সবকিছুই অনেক সহজ এবং সহনীয় হয়ে ওঠে।
বিশ্বকাপে স্পেনের হয়ে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্সের পরও ১৮ বছর বয়সি এই উইঙ্গার মনে করেন, তিনি এখনও নিজের সেরাটা দিতে পারেননি। নিজের ওপর অতিরিক্ত প্রত্যাশাই তাঁকে প্রতিনিয়ত আরও উন্নতির দিকে ঠেলে দেয়।
সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে ইয়ামাল বলেন, “জিতলে সব কষ্টই কম লাগে। সমালোচনা আমাকে অনুপ্রাণিত করে, কারণ আমার কাছের মানুষেরা জানে আমি কী পারি বা না পারি।” প্রশংসা নিয়ে তাঁর ভাবনা আরও স্পষ্ট।
ইয়ামাল বলেন, “মানুষ আমার প্রশংসা করছে কি না, সেটা নিয়ে আমি ভাবি না। আমি শুধু নিজের কাজেই মন দিই। আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করি।”
নিজের বর্তমান পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন বার্সেলোনার এই বিস্ময়বালক। তাঁর বিশ্বাস, এখনও অনেক উন্নতির সুযোগ রয়েছে।
এই প্রসঙ্গে ইয়ামাল বলেন, “নিজের কাছেই আমার চাহিদা অনেক বেশি । আমি এখনও সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি, যতটা আমি নিজের কাছ থেকে আশা করি।”
বিশ্বকাপে স্পেনের অন্যতম ভরসা হয়ে উঠলেও আত্মতুষ্টির কোনো জায়গা রাখছেন না ইয়ামাল। তাঁর লক্ষ্য একটাই—প্রতিদিন নিজেকে আরও উন্নত করা এবং স্পেনকে বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়া।




