• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

বালিটিকুড়িতে প্রাক্তন বিধায়ক মনোজ তেওয়ারির দপ্তর সংলগ্ন গুদাম থেকে সরকারি ত্রাণ উদ্ধার!

বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি— বিপ্লব মণ্ডল, স্বপন মণ্ডল, তিলকেশ মণ্ডল এবং তাঁর আপ্তসহায়ক পীযূষ মিশ্র— এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন

বালিটিকুড়িতে প্রাক্তন বিধায়ক মনোজ তেওয়ারির দপ্তর সংলগ্ন গুদাম থেকে সরকারি ত্রাণ উদ্ধার!

Image: Screengrab

রাজ্যে ফের সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে বিতর্ক। এবার অভিযোগের কেন্দ্রে হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি। বালিটিকুড়ি এলাকায় তাঁর বিধানসভা কার্যালয় সংলগ্ন একটি গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল, কম্বল, বালতি-সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ত্রাণ সামগ্রী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দা ও বিজেপি সমর্থকেরা। তাঁরা সেখানে বিক্ষোভ দেখায় এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমানে মনোজ তিওয়ারি কোনও বিধায়ক নন। তাহলে কীভাবে তাঁর প্রাক্তন বিধানসভা কার্যালয় সংলগ্ন গুদামে এতো বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী মজুত ছিল। তাঁদের দাবি, অতীতেও এই গুদাম থেকে সরকারি ত্রাণ সামগ্রী সরিয়ে বাজারে বিক্রি করার অভিযোগ উঠেছিল।

এক বিক্ষোভকারী অভিযোগ করে বলেন, ’ বর্তমানে মনোজ তিওয়ারি আর বিধায়ক নন। তা সত্ত্বেও কীভাবে এত সরকারি ত্রাণ এখানে মজুত ছিল? এর আগেও এখান থেকে ত্রাণ সামগ্রী চুরি করে বাজারে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।‘

এছাড়াও বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি— বিপ্লব মণ্ডল, স্বপন মণ্ডল, তিলকেশ মণ্ডল এবং তাঁর আপ্তসহায়ক পীযূষ মিশ্র— এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাঁদের দাবি, সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে সত্য সামনে আনা হোক।

স্থানীয় সূত্রে দাবি,  গুদাম থেকে যে পরিমাণ ত্রিপল, কম্বল, বালতি ও অন্যান্য সরকারি সামগ্রী উদ্ধার হয়েছে, তা দিয়ে এলাকার বহু অসহায় ও দুর্গত মানুষের প্রয়োজন মেটানো সম্ভব ছিল। ফলে সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ কীভাবে সেখানে মজুত ছিল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করার করে। পুলিশ জানিয়েছে, গুদামে মালিকানা, উদ্ধার হওয়া সামগ্রীর উৎস এবং সেগুলি সেখানে কীভাবে এল— সব দিক খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। বিজেপি দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কড়া পদক্ষেপের দাবি তুলেছে। তবে এই অভিযোগগুলির বিষয়ে প্রাক্তন বিধায়ক মনোজ তিওয়ারি বা তাঁর শিবিরের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।