• facebook
  • twitter
  • youtube
Thursday, 2 July, 2026

বৃষ্টিভেজা বিকেলে মমতার কালীঘাটের বাড়িতে জয়া বচ্চন, বৈঠকে নয়া সমীকরণ

বৃহস্পতিবার বিকেলে জয়ার মমতার বাড়িতে যাওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ

বৃষ্টিভেজা বিকেলে মমতার কালীঘাটের বাড়িতে জয়া বচ্চন, বৈঠকে নয়া সমীকরণ

Jaya Meets Mamata Photo-ANI

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর বিরোধী ইন্ডিয়া জোটের প্রাসঙ্গিকতাই প্রশ্নের মুখে পড়েছে। ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যেও চলছে পারস্পরিক দোষারোপের পালা। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন। বেশ কিছুক্ষণ তিনি মমতার বাড়িতে ছিলেন সাংসদ। বৃহস্পতিবার বিকেলে ঝমেঝমে বৃষ্টি মাথায় করেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সঙ্গে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে পৌছন জয়া। খোদ নেত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে স্বাগত জানান। এদিন বেশ কিছুক্ষণ মমতার বাড়িতে থাকলেও তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা নিয়ে জয়া বা মমতা কেউই মুখ খোলেননি।

সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় ঘটে তৃণমূলের। যদিও পরাজয় স্বীকার না করে মমতা ভোটে কারচুপির অভিযোগ তোলেন। ভোট চুরির প্রতিবাদে আইনি লড়াইও শুরু করেছেন নেত্রী। তৃণমূল সুপ্রিমোর এই লড়াইয়ে তাঁর পাশে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ৪ মে ভোটের ফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই কালীঘাটে মমতার সঙ্গে দেখা করেছিলেন তিনি। মমতাকে সমবেদনা জানিয়ে তাঁর পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন সপা প্রধান। এই ঘটনায় রাজনৈতিক মহলের কাছে সপা-তৃণমূল সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তাই পৌঁছেছিল।

তবে এর কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ ভিন্ন মন্তব্য করেন সপার প্রবীণ নেতা কিরণময় নন্দ। তিনি সাফ জানান, মানুষ মমতাকে প্রত্যাখ্যান করেছেন। সে কারণেই মমতা ও তাঁর দলের এই শোচনীয় বিপর্যয়। কিরণময়ের ওই মন্তব্য দুই দলের সৌহার্দ্যের সম্পর্ক কিছুটা ক্ষুণ্ণ হয়। একই সঙ্গে কিরণময় ইঙ্গিত দিয়েছিলেন, রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তাঁদের অনেক কথা বলতে হয়, অনেক কাজ করতে হয়। কিরণময়ের ওই মন্তব্য অখিলেশের মমতার পাশে দাঁড়ানোর সিদ্ধান্তকেই প্রশ্নের মুখ দাঁড় করায়।

এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে জয়ার মমতার বাড়িতে যাওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সংসদীয় রাজনীতিতে মমতার সঙ্গে জয়ার দীর্ঘদিনের সম্পর্ক। বাংলায় তৃণমূলের হয়ে তিনি নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছিলেন। তবে জয়ার এদিনের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাওয়া রাজনৈতিক মহলের একাশের কাছে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। জয়ার এই কালীঘাট যাত্রা নিছকই ব্যক্তিগত বা সৌজন্য সফর নাকি, কিরণময়ের মন্তব্যের ড্যামেজ কন্ট্রোল তা নিয়ে প্রশ্ন উঠেছে।