• facebook
  • twitter
  • youtube
Thursday, 2 July, 2026

১২ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু, বিকল্প পথ কী? জেনে নিন ট্রাফিক আপডেট

বিদ্যাসাগর সেতুর সুরক্ষাকে আরও মজবুত করতে এই সংস্কারের কাজ করতে হচ্ছে। এটা বাধ্যতামূলক হয়ে করতে হচ্ছে

১২ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু, বিকল্প পথ কী? জেনে নিন ট্রাফিক আপডেট

Image: ANI

রবিবাসরীয় সকালে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে। সুতরাং ওই পথে যাওয়ার ক্ষেত্রে জেনে নিতে হবে ট্রাফিক আপডেট। আগামী ৫ জুলাই রবিবার টানা ১২ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সুতরাং ছুটির দিনে যাঁরা লং ড্রাইভে যাবেন তাঁদের এই পথ এড়িয়ে চলাই ভাল। এই পথ অন্যান্য কাজের দিন অত্যন্ত ব্যস্ত থাকে। ছুটির দিনেও যান চলাচল অন্যান্য দিনের থেকে কম থাকলেও গাড়ি চলাচল করে।

বৃহস্পতিবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্স কর্তৃপক্ষের তরফ থেকে সেতুর অত্যন্ত জরুরি মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজ হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর তাই রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সেতু দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে ট্রাফিক নোটিফিকেশন জারি করা হয়েছে। এই ১২ ঘণ্টা গোটা সেতু এবং তার সমস্ত র‍্যাম্প সম্পূর্ণ বন্ধ থাকবে। সাধারণ মানুষের যাতায়াতের জন্য এবং যানজট এড়াতে কলকাতা পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ বিকল্প রুট ঘোষণা করা হয়েছে।

কলকাতা ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যাসাগর সেতুর সুরক্ষাকে আরও মজবুত করতে এই সংস্কারের কাজ করতে হচ্ছে। এটা বাধ্যতামূলক হয়ে করতে হচ্ছে। এই ১২ ঘণ্টার ব্লকে সেতুর ‘স্টে কেবল’ এবং ‘হোল্ডিং ডাউন কেবল’ বদল করা হবে। এমনকী বিদ্যাসাগর সেতুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বেয়ারিং’ বদলানোর কাজও করবেন বিশেষজ্ঞরা। তাই কাজের সময় সেতুর উপর কোনও কম্পন বা গাড়ির চাপ থাকা বিপজ্জনক। এই কারণে ক্লোজারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাছাড়া বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার কারণে কলকাতার নানা দিক থেকে হাওড়ামুখী এবং খিদিরপুরমুখী গাড়িগুলিকে জিরুট আইল্যান্ড সাইড থেকে যে সমস্ত পশ্চিমমুখী গাড়ি এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতু ধরার জন্য আসবে, সেগুলিকে ‘টার্ফ ভিউ’ থেকে অ্যাট-গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ফলে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ যাওয়া যাবে। হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকের কেপি রোড ধরেও যাওয়া সম্ভব। আবার জে অ্যান্ড এন আইল্যান্ড সাইড থেকে যে সব পশ্চিমমুখী গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ‘১১ ফার্লং গেট’ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ যাওয়া যাবে। আর খিদিরপুর দিক থেকে যে সব পূর্বমুখী গাড়ি সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতু ধরবে সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে। ৫ জুলাই সন্ধ্যা ৬টার পর কাজ শেষ হলে পুনরায় বিদ্যাসাগর সেতুতে স্বাভাবিক যান চলাচল শুরু করবে।