• facebook
  • twitter
  • youtube
Thursday, 2 July, 2026

নবম-দশম-একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে পার্থ-অর্পিতা-কুন্তল

কীভাবে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে টাকার বিনিময়ে নিয়োগ হয়েছিল সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে চার্জশিটে

নবম-দশম-একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে পার্থ-অর্পিতা-কুন্তল

Partha-Arpita Photo-ANI

প্রাথমিকের পর এবার নবম-দশম-একাদশ-দ্বাদশের নিয়োগ দুর্নীতি মামলাতেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতে ইডির বিশেষ আদালতে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছিল। দু’জনেই এখন ওই মামলায় জামিনে মুক্ত। এসএসসি মামলার তদন্তও করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার মধ্যেই এবার ইডি চার্জশিট পেশ করল আদালতে। আবার তাঁরা গ্রেপ্তার হবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ইডি আধিকারিকরা তদন্তে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নাম বেশ কিছু জায়গায় পেয়েছেন নবম-দশম-একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতিতে বলে সূত্রের খবর।

একই চার্জশিটে নাম রয়েছে কুন্তল ঘোষেরও। ইডি সূত্রে খবর, জীবনকৃষ্ণ সাহার তৈরি করা সিন্ডিকেটের সঙ্গে পার্থ, অর্পিতা এবং কুন্তলের যোগসূত্রের প্রমাণ মিলেছে তদন্তে। সেই অভিযোগের ভিত্তিতেই আদালতে পূর্ণাঙ্গ চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বিষয়ে পার্থ-অর্পিতাকে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। তবে এই মামলাতে তাঁদের আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ইডি-র পেশ করা তথ্য অনুযায়ী, এই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ এবং আর্থিক লেনদেনের তথ্যের ভিত্তিতে এদের নাম চার্জশিটে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আদালত ইডির পেশ করা চার্জশিট গ্রহণ করেছে। তার ফলে প্রাথমিক নিয়োগ মামলার পাশাপাশি নবম-দশম-একাদশ-দ্বাদশের নিয়োগ দুর্নীতি মামলাতেও আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হিসেবে নাম উঠল পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় এবং কুন্তল ঘোষের। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আগেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট ও অন্যান্য সম্পত্তি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা-সহ সোনা উদ্ধারের পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।

তাছাড়া কীভাবে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে টাকার বিনিময়ে নিয়োগ হয়েছিল সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে চার্জশিটে। তাতে আরও উল্লেখ করা হয়েছে, এই টাকা অর্পিতার বাড়িতে রাখা ছিল। যা ইতিমধ্যেই তারা উদ্ধার করেছে। একই সঙ্গে মিলেছে উত্তরপত্রের কপিও। চার্জশিটে নিয়োগ দুর্নীতিতে ধৃত এজেন্ট কুন্তল ঘোষের নামও যুক্ত করা হয়েছে। তদন্তে উঠে আসে কীভাবে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে চাকরি বিক্রির এই কোটি কোটি টাকার দুর্নীতি পরিচালিত হতো। আর তাতে কুন্তল এবং অন্যান্যরা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করত। মাঝে পার্থ অসুস্থ হয়ে পড়লেও অখন তিনি সুস্থ। সুতরাং এঁদের আবার জেলে যেতে হতে পারে।